রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ , ২৪ শাওয়াল ১৪৪৭

খেলা

‘‘শুধু ‘১০০% ফিট’ খেলোয়াড়েরাই ব্রাজিলের বিশ্বকাপ দলে সুযোগ পাবেন’’

ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ২, ২০২৫, ২১:১২:৪৬

392
  • ছবি: ইন্টারনেট

২০২৬ বিশ্বকাপ দলে জায়গা পেতে ব্রাজিলের ফুটবলারদের কড়া বার্তা দিলেন কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানিয়েছেন, শুধু ‘১০০% ফিট’ খেলোয়াড়েরাই ব্রাজিলের বিশ্বকাপ দলে সুযোগ পাবেন। নেইমার ও ভিনিসিয়ুসের ক্ষেত্রেও নিয়মটি শিথিল করা হবে না। ব্রাজিলের টিভি চ্যানেল ‘রেকর্ড’-এর অনুষ্ঠান ‘স্পোর্ত রেকর্ড’-এ এই মন্তব্য করেন আনচেলত্তি।

চোটের কারণে দুই বছরের বেশি সময় ধরে ব্রাজিল দলের বাইরে নেইমার। তার বিষয়ে আনচেলত্তি আগেই বলে দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে শতভাগ ফিটনেস ফিরে পেতে হবে। এবার এ ব্যাপারে  স্পোর্ত রেকর্ড’ অনুষ্ঠানে আনচেলত্তি বলেছেন, ‘ভালো খেলোয়াড়ের অভাব নেই। যারা শতভাগ (ফিট), তাদের বেছে নিতে হবে আমাকে। এটা শুধু নেইমার নয়, রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুসের ক্ষেত্রেও প্রযোজ্য। ভিনিসিয়ুস ৯০ শতাংশ ফিট হলে আমি অন্য কাউকে ডাকব, যে শতভাগ ফিট। কারণ, এটা এমন একটা দল, যেখানে প্রচুর প্রতিদ্বন্দ্বিতা, বিশেষ করে সামনে (আক্রমণভাগ)। সেখানে আমাদের বেশ ভালো কিছু খেলোয়াড় আছে।’

ব্রাজিলের জার্সিতে নেইমার সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। এসিএল চোটের কারণে তখন তার পায়ে অস্ত্রোপচার করা হয়। এরপর ক্লাব ফুটবলে ফিরলেও সেটা নিয়মিত নয়। ক্রমাগত চোট তাঁকে নিয়মিত হতে দিচ্ছে না ফুটবলে। সম্প্রতি যেমন বাঁ পায়ের হাঁটুতে চোট নিয়েই সান্তোসের ম্যাচ খেলতে নেমেছিলেন নেইমার। সান্তোসকে অবনমন থেকে বাঁচাতে এভাবে ঝুঁকি নিয়ে নেমে গোলও করেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। নেইমারের ক্রমাগত চোট নিয়ে সহানুভূতিই ঝরে পড়ল আনচেলত্তির কণ্ঠে।

ব্রাজিলের এই কোচ বলেন, ‘সে অসাধারণ প্রতিভা। তার দুর্ভাগ্য যে বারবার চোটে পড়ে। চোটের কারণে শারীরিকভাবে ভালো অবস্থায় থাকতে পারে না।’ তবে ব্রাজিল দলে ফিরতে নেইমারের আশা ধরে রাখার জায়গাটাও দেখিয়ে দেন আনচেলত্তি, ‘নেইমার (ব্রাজিল দলে) বাকিদের পর্যায়েই আছে। কারণ, এরই মধ্যে সে অসাধারণ প্রতিভা দেখিয়েছে।’

আগামী বছরের মার্চে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হবে। আগামী বিশ্বকাপে খেলতে হলে এ সময়ের মধ্যে ১০০% ফিট প্রমাণ করতে হবে নেইমারকে। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers