বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ , ৬ সফর ১৪৪৮

খেলা

পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপে শুভসূচনা বাংলাদেশের

খেলা ডেস্ক অক্টোবর ২, ২০২৫, ২১:৪২:২০

308
  • ছবি: ইন্টারনেট

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ নারী ক্রিকেট দলের পথচলার শুরুটা হল দুর্দান্ত। বৃহস্পতিবার এ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই লাল-সবুজ প্রতিনিধিরা ৭ উইকেটে পাকিস্তান নারী দলকে উড়িয়ে দিয়েছে। 

বৃহস্পতিবার ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বল হাতে শুরুতেই জ্বলে উঠেন মারুফা আক্তার। পরে রুবাইয়া হায়দার ঝিলিক ব্যাট হাতে দাপট দেখান। শেষ পর্যন্ত সহজ জয়ে এ টুর্নামেন্টের পথচলা শুরু হল টাইগ্রেসদের। 

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃহস্পতিবার ১৩০ রানের লক্ষ্য ১১৩ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে নিগার সুলতানার দল।

মারুফা আক্তার ম্যাচের প্রথম ওভারে চমৎকার দুটি ডেলিভারিতে পরপর দুই উইকেট নিয়ে সুর বেঁধে দেন। পরে দারুণ বোলিং করেন অন্যরাও। ফিল্ডিংও হয় বেশ ভালো। ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তান কোনোমতে করতে পারে ১২৯।

বাংলাদেশের হয়ে ৩.৩ ওভারে ৩ মেডেনে স্রেফ ৫ রানে পাকিস্তানের শেষ ৩ উইকেট নিয়ে সফলতম বোলার লেগ স্পিনিং অলরাউন্ডার স্বর্ণা আক্তার। নিয়ন্ত্রিত বোলিংয়ে পেসার মারুফা ও বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার নেন ২টি করে উইকেট।

ব্যাট হাতে দারুণ খেলেন রুবাইয়া। এরই মধ্যে ছয়টি টি-টোয়েন্টি খেলা বাঁহাতি ওপেনার ৭৭ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংসে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন। বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে উইমেন’স ওয়ানডে অভিষেকে ফিফটি করলেন তিনি। ২০১১ সালে একই ম্যাচে এই স্বাদ পেয়েছিলেন দুই ওপেনার আয়েশা রহমান ও শারমিন আক্তার।

কলম্বোর উইকেটে  টস জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। প্রথম ওভারের পঞ্চম বলে ভেতরে ঢোকানো দারুণ ডেলিভারিতে ওমাইমা সোহেলকে বোল্ড করে দেন মারুফা। পরের বলে আরেকটি চমৎকার ডেলিভারিতে ব্যাটে লেগে বোল্ড হন দারুণ ছন্দে থাকা ব্যাটার সিদরা আমিন।

মারুফার হ্যাটট্রিক বল ঠেকিয়ে দেন মুনিবা আলি। শুরুর জোড়া ধাক্কা তিনি সামাল দেওয়ার চেষ্টা করেন রামিন শামিমের সঙ্গে জুটিতে। ৪২ রানের জুটি গড়েন তারা। এটিই হয়ে থাকে শেষ পর্যন্ত ইনিংসের সর্বোচ্চ জুটি।

মুনিবাকে ফিরিয়ে জুটি ভাঙেন নাহিদা। দারুণ নিচু ক্যাচ নেন ফিল্ডার নিশিতা আক্তার। নাহিদার পরের ওভারে বোলারকে সহজ ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন রামিন। তার ২৩ রানই ইনিংসের সর্বোচ্চ।

এরপর নিয়মিত উইকেট হারায় পাকিস্তান। স্বর্ণা বোলিং পান ৩৩তম ওভারে। পরপর দুই ওভারে কোনো রান না দিয়ে দুই উইকেট শিকার করেন তিনি। রান দেননি নিজের তৃতীয় ওভারেও। তার চতুর্থ ওভারের প্রথম বলে চার মারার পর সিঙ্গল নেন ডায়ানা বেগ। পরের বলেই সাদিয়া ইকবালের আউটে ইনিংসের সমাপ্তি।

জবাব দিতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। দেখে-শুনে খেলার চেষ্টা করেও বেশিক্ষণ টিকতে পারেননি ফারজানা হক। ১৭ বল খেলে ২ রান করে ফেরেন তিনি। তার বিদায়ে ৭ রানে ভাঙে উদ্বোধনী জুটি। তিনে নেমে ব্যর্থ শারমিন আক্তারও। তার ব্যাট থেকে আসে মাত্র ১০ রান। ৩৫ রানে ২ উইকেট হারানোর পর উইকেটে আসেন নিগার সুলতানা জ্যোতি। অধিনায়ককে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ৬২ রান যোগ করেন ঝিলিক। ২৩ রান করে জ্যোতি বিদায় নিলে ভাঙে সেই জুটি। বাকি কাজটা সুবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে সহজেই সেরেছেন ঝিলিক। দারুণ ব্যাটিংয়ে ওয়ানডে অভিষেকেই করেছেন ফিফটি। সেটাও আবার বিশ্বকাপের বড় মঞ্চে। সবমিলিয়ে ৭৭ বলে অপরাজিত ৫৪ রান করেছেন তিনি। এ ছাড়া ১৯ বলে অপরাজিত ২৪ রান এসেছে মুস্তারির ব্যাট থেকে।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ৩৮.৩ ওভারে ১২৯ (মুনিবা ১৭, ওমাইমা ০, সিদরা আমিন ০, রামিন ২৩, রিয়াজ ১৩, সিদরা নাওয়াজ ১৫, ফাতিমা ২২, নাতালিয়া ৯, ডায়ানা ১৬*, নাশরা ১, সাদিয়া ৪; মারুফা ৭-০-৩১-২, নিশিতা ৬-০-২৮-১, নাহিদা ৮-১-১৯-২, ফাহিমা ৭-১-৩২-১, রাবেয়া ৭-২-১৩-১, স্বর্ণা ৩.৩-৩-৫-৩)

বাংলাদেশ: ৩১.১ ওভারে ১৩১/৩ (ফারজানা ২, রুবাইয়া ৫৪*, শারমিন ১০, নিগার ২৩, সোবহানা ২৪*; ফাতিমা ৮-১-৩০-১, ডায়ানা ৮-৩-১৪-১, সাদিয়া ৬-০-২১-০, রামিন ৫-০-২৫-১, নাশরা ৩.১-১-২৭-০, ওমাইমা ১-০-৯-০)

ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী

ম্যাচসেরা: মারুফা আক্তার

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers