বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ , ৫ জিলকদ ১৪৪৭

খেলা

তানজিদও বললেন, সামনের সমীকরণের দিকে তাকিয়ে আছি

ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৮:৫৫:৩৮

281
  • ছবি: ইন্টারনেট

বাংলাদেশ দলের এবারের এশিয়া কাপের জার্নিটা শুরু হয়েছিল হংকংকে হারিয়ে। তবে পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে হেরে যাওয়ায় সুপার ফোরে জায়গা পাওয়ায় শঙ্কা জাগে। মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জেতায় আবার টাইগারদের স্বপ্ন দেখাচ্ছে শেষ চারে ওঠার। তবে এজন্য তাদের তাকিয়ে থাকতে হচ্ছে বৃহস্পতিবার আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিকে। মঙ্গলবার ম্যাচ শেষে ঠিক তেমনটাই জানান টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম।  

 কী হলে সুপার ফোরে যাবে বাংলাদেশ, কে জিতলে কী হবে-মেলানো হচ্ছে সেই সমীকরণ। বড় টুর্নামেন্ট এলেই বাংলাদেশের জন্য গল্পটা যেন সব সময় একই। প্রশ্নটা কাল এসেছিল তানজিদ হাসানের সংবাদ সম্মেলনেও। এ ব্যাপারে এ ওপেনার বলেন, ‘আমরা কখনো এভাবে দেখি না। প্রতিটা ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। আগের ম্যাচটা হেরে গিয়েছি, কিছু বলার নাই ওই ম্যাচটা নিয়ে। কারণ, ম্যাচটা খুব বাজেভাবে হেরেছি। আমরা যখনই কোনো ম্যাচ খেলতে মাঠে যাই, ১০০ ভাগই দেওয়ার চেষ্টা করি।’

বৃহস্পতিবার শ্রীলঙ্কা যদি আফগানিস্তানের বিপক্ষে জয় পায়, তাহলেই বাংলাদেশ চলে যাবে পরের পর্বে। শ্রীলঙ্কা হারলে সেটা হতে হবে বড় ব্যবধানে। এই যখন সমীকরণ, তখন কি বাংলাদেশের একটু আফসোস হচ্ছে হংকংয়ের বিপক্ষে জয়টা ৭ উইকেট আর ১৪ বলের চেয়ে বেশি ব্যবধানে না হওয়ার? তবে এ ব্যাপারে অনেকটা বুদ্ধিমত্তার সঙ্গেই উত্তর দেন তামিম,  ‘এটা নিয়ে আফসোস করতে চাই না। যেটা অতীত, সেটা হয়ে গেছে। এখন আমাদের সামনে যে সমীকরণটা থাকবে, সেটার দিকেই তাকিয়ে থাকব।’

আফগানিস্তানের বিপক্ষে আজ ৬ ওভারেই ৫৯ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। তবে এরপর তারা থেমেছে ৫ উইকেটে ১৫৪ রান করে। আফগানিস্তানকে শেষ পর্যন্ত অলআউট করতে পারলেও শেষ ওভারে দুই ছক্কা খাওয়ায় জয়ের ব্যবধানটাও বড় হয়নি। এই ম্যাচে কি বাংলাদেশের ভাবনায় রান রেট ছিল? এবার তানজিদের উত্তর, ‘অবশ্যই মাথায় ছিল। সুযোগ ছিল আমাদের। আমাদের দলের জন্য ভালো হতো হয়তো (ব্যবধান বড়) হলে। হয়নি, এখন কিছু করার নেই। কারণ, আমাদের ম্যাচ এটা জিততেই হতো। ম্যাচ জিতেছি, এটাই সবচেয়ে বড় ব্যাপার।’

বাংলাদেশের মূল চোখটা এখন শ্রীলঙ্কার দিকেই। তারা আফগানিস্তানকে হারিয়ে দিলেই কোনো হিসাব ছাড়া সুপার ফোরে পৌঁছে যাবে বাংলাদেশ। আর যদি আফগানরা জেতে তখন সমীকরণ দেখেই হবে সিদ্ধান্ত কারা যাবে সুপার ফোরে। আপাতত টাইগারদের চোখ বৃহস্পতিবারের শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers