বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ , ৩ জুমাদিউল আউয়াল ১৪৪৮

খেলা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৪২ রানে জিতে ইংল্যান্ডের বিশ্ব রেকর্ড

ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৮:৫০:৫৭

598
  • ছবি: ক্রিকইনফো

জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ৪১৫ রান। তবে লক্ষ্য তাড়ায় সাউদাম্পটনে তৃতীয় ওয়ানডেতে মাত্র ৭২ রানেই অলআউট হয়ে যায় দলটি। তাতে ৩৪২ রানে জিতে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের জয়ের বিশ্ব রেকর্ড গড়েছে ইংল্যান্ড।

এরআগে ওয়ানডেতে রানের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে হার-জিতের রেকর্ডটা ছিল ৩১৭ রানের। ২০২৩ সালে তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কাকে এই ব্যবধানে হারিয়েছিল ভারত।

রবিবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে জ্যাকব বেথেল ও জো রুটের সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৪১৪ রান করেছিল ইংল্যান্ড। রান তাড়ায় ২০.৫ ওভারেই ৭২ রানে অলআউট প্রোটিয়ারা। দলটির অধিনায়ক টেম্বা বাভুমা অবশ্য ব্যাট করেননি চোটের কারণে।

বিশাল লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকা শুরুতেই বড় ধাক্কা খায়। ৭ রানে তারা হারিয়ে ফেলে ৪ উইকেট। এ ধাক্কা সামলে না উঠতেই  ২৪ রানে পতন ৬ উইকেটের। এরপর  ৫৭ রানে ৮ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দলটির হয়ে সর্বোচ্চ ২০ রান করেছেন করবিন বশ। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম পাঁচ ম্যাচেই অন্তত ফিফটি করে বিশ্ব রেকর্ড গড়া ম্যাথু ব্রিটজকে আজ করতে পেরেছেন ৪ রান। তাতে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ৬ ইনিংসে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটাও করা হলো না ব্রিটজকের। দক্ষিণ আফ্রিকারই ইয়ানেমান ম্যালান প্রথম ৬ ইনিংসে করেছিলেন ৪৮৩ রান। ব্রিটজকে থামলেন ১৬ রান দূরে ৪৬৭ রানে।

ওয়ানডেতে ব্রিটজকেকে প্রথমবার ৫০ রানের নিচে আউট করার কীর্তিটা জফরা আর্চারের। শুধু ব্রিটজকেকেই নয়, দক্ষিণ আফ্রিকার আরও ৩ ব্যাটসম্যানকে আউট করেছেন ইংলিশ ফাস্ট বোলার। ৯ ওভারে ১৮ রান দিয়ে ৪ উইকেট নেওয়া আর্চার যখন চতুর্থ উইকেটটি নিলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৮.৫ ওভারে ১৮/৫। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি প্রোটিয়ারা।

এর আগে জো রুট ও জ্যাকব বেথেলের সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৪১৪ রান তোলে ইংল্যান্ড। ওয়ানডেতে যা দলটির পঞ্চম সর্বোচ্চ। এ নিয়ে এই সংস্করণে সাতবার ৪০০ বা এর বেশি রান করে ভারতের পাশে বসল ইংলিশরা। এই দুই দলের চেয়ে বেশিবার ৪০০ করেছে শুধু দক্ষিণ আফ্রিকা—৮ বার। 

বেথেল ফেরেন ৪০.২ ওভারে দলকে ২৯৯ রানে রেখে। এরপর শেষ ৫৮ বলে আরও ১১৫ রান যোগ করে ইংল্যান্ড। ৪৭তম ওভারে রুট বিদায় নেন ৯৬ বলে ঠিক ১০০ রান করে। ১৮৩ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারের রুটের এটি ১৯তম সেঞ্চুরি। রুট ফেরার পর অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ১৯ বলে ৪৩ রান যোগ করেন জস বাটলার ও উইল জ্যাকস। বাটলার ৩২ বলে ৬২ ও জ্যাকস ৮ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন।

এরআগে অবশ্য প্রথম দুই ম্যাচ হেরেই সিরিজ হার নিশ্চিত করেছিল ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ৫০ ওভারে ৪১৪/৫ (বেথেল ১১০, রুট ১০০, স্মিথ ৬২, বাটলার ৬২*, ডাকেট ৩১; মহারাজ ২/৬১, বশ ২/৭৯)। 

দক্ষিণ আফ্রিকা: ২০.৫ ওভারে ৭২ (বশ ২০, মহারাজ ১৭; আর্চার ৪/১৮, রশিদ ৩/১৩)। ফল: ইংল্যান্ড ৩৪২ রানে জয়ী। 

সিরিজ: ৩–ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা ২–১–এ জয়ী। 

ম্যাচসেরা: জফরা আর্চার। 

সিরিজসেরা: কেশব মহারাজ ও জো রুট।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers