বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ , ২৮ শাওয়াল ১৪৪৭

খেলা

তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসিয়ে শেষটা রাঙাল বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক জুলাই ৫, ২০২৫, ২১:০৫:৩০

220
  • ছবি: ইন্টারনেট

প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার ইতিহাস আগেই গড়ে বাংলাদেশ। তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচটি তাই দলটির জন্য ছিল শুধু নিয়মরক্ষার। তারপরও শনিবার একাদশ অপরিবর্তিত নিয়েই মাঠে নামে লাল-সবুজের মেয়েরা। এদিন শুরু থেকেই তারা দপটের সঙ্গে খেলে। বলতে গেলে প্রতিপক্ষ নিয়ে রীতিমতো ছেলে খেলায় মেতে ওঠে। সুফল হিসেবে প্রথমার্ধেই এগিয়ে যায় ৭-০ গোলে। শেষ পর্যন্ত এ ব্যবধানে জিতে উইমেন’স এশিয়ান কাপ বাছাইয়ের শেষটা রাঙাল বাংলাদেশ নারী ফুটবল দল। 

শনিবার বাংলাদেশের জয়ে জোড়া গোল উপহার দেন শামসুন্নাহার জুনিয়র ও ঋতুপর্ণা চাকমা। একবার করে জালের দেখা পান স্বপ্না রানী, মনিকা চাকমা ও তহুরা খাতুন। এরআগে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে বাছাই শুরুর পর শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে হারিয়েছিল লাল-সবুজ প্রতিনিধিরা। সব মিলিয়ে তিনে তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে থেকে বাছাই শেষ করার চাওয়াও পূরণ হয়েছে জেমস বাটলারের দলের।

বাংলাদেশের গোল উৎসবের শুরু চতুর্থ মিনিটে। তহুরার কাট ব্যাকে বক্সের বাইরে থেকে জোরাল শটে লক্ষ্যভেদ করেন স্বপ্না। দুই মিনিট পরই ব্যবধান হয় দ্বিগুণ। সতীর্থের ক্রসে আফঈদার হেড গোলকিপার ফেরানোর পর, বক্সে জটলার ভেতর থেকে নিখুঁত টোকায় জালে বল জড়ান শামসুন্নাহার জুনিয়র। এদিকে ১৩তম মিনিটে ব্যবধান ৩-০ করেন শামসুন্নাহার জুনিয়র। একটু পরই বক্সের ওপরে বল পেয়ে প্রথম ছোঁয়াল একটু এগিয়ে দৃষ্টিনন্দন শটে স্কোরলাইন ৪-০ করেন মনিকা।

সপ্তদশ মিনিটে বক্সের বেশ বাইরে এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন ঋতুপর্ণা। বলের লাইনে থাকা গোলরক্ষকের হাত ফসকে বল জড়ায় জালে। কিছুক্ষণ পরেই ছুটে গিয়ে বলের নিয়ন্ত্রণ নিয়ে আড়াআড়ি ক্রস বাড়ান ঋতুপর্ণা। গোলমুখ থেকে দরকারি টোকা দেন তহুরা। তাতে ৬-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। 

এদিকে ম্যাচের ৪০তম মিনিটে বক্সের ঠিক ওপর থেকে ঋতুপর্ণার বাম পায়ের শট বাঁক খেয়ে গোলকিপারের গ্লাভস ছুঁয়ে জালে জড়ায়।

বিরতির পর গোলের জন্য মরিয়া ছিল না দল। তরুণদের সুযোগ দিতে তিনটি পরিবর্তন আনেন বাটলার। রুপনা চাকমা, ঋতুপর্ণা ও শিউলি আজিমকে তুলে স্বপ্না রানী মন্ডল, উমহেলা মারমা ও হালিমা আক্তারকে নামান।

এর মধ্যেও সুযোগ আসতে থাকে মাঝেমধ্যে। ৫৭তম মিনিটে বুক দিয়ে বল রিসিভ করে বক্সে ভালো জায়গায় থেকেও শট নিতে পারেননি শামসুন্নাহার জুনিয়র। একটু পর মনিকার দূরপাল্লার শট গ্লাভস গলে বেরিয়ে যাওয়ার পর দ্বিতীয় প্রচেষ্টায় আটকান তুর্কমেনিস্তান গোলকিপার। ৮০ ও ৮২তম মিনিটে মারিয়া মান্দার দুটি শট আটকান গোলকিপার। বাকিটা সময়ে ব্যবধান বাড়াতে না পারলেও বাংলাদেশের জয়ের আনন্দে ভাটা পড়েনি একটুও।

আগামী বছর মার্চে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের মূল লড়াই। সেখানে ১২ দলের মধ্যে প্রথম ছয়ে থাকলেই ২০২৭ নারী বিশ্বকাপে খেলার সুযোগ মিলবে। সেরা আটে থাকলে সুযোগ থাকবে আন্তমহাদেশীয় প্লে-অফ খেলে বিশ্বকাপে যাওয়ার।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers