বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ , ৫ জিলকদ ১৪৪৭

খেলা

চ্যাম্পিয়নস ট্রফির শুরুর আগের দিন নিউ জিল্যান্ডকে দুঃসংবাদ দিলেন ফার্গুসন

ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারী ১৮, ২০২৫, ১৪:১৩:০৪

245
  • ছবি: ইন্টারনেট

লম্বা সময় পর বুধবার আলোর মুখ দেখছে চ্যাম্পিয়নস ট্রফি। উদ্বোধনী ম্যাচে করাচিতে পাকিস্তানের মুখোমুখি হবে নিউ জিল্যান্ড। তার আগের দিন  দুঃসংবাদ শুনল নিউ জিল্যান্ড। ডান পায়ের চোটে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে পড়েছেন দলটির পেসার লকি ফার্গুসন। 

সংযুক্ত আরব আমিরাতের আইএল টি–টোয়েন্টি টুর্নামেন্ট চলার সময়  চোট পেয়েছিলেন ফার্গুসন। যে কারণে সদ্যই শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি তিনি। তবে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন ফার্গুসন। কিন্তু শেষ পর্যন্ত সেই চোটেই চ্যাম্পিয়ন ট্রফির দল থেকে ছিটকে গেলেন ফার্গুসন। তার পরিবর্তে নিউ জিল্যান্ড দলে নিয়েছে আরেক পেসার কাইল জেমিসনকে।

নিউ জিল্যান্ডের হয়ে ৪৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা জেমিসন সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে। তিন সংস্করণ মিলিয়ে ৩০ বছর বয়সী জেমিসন সর্বশেষ নিউ জিল্যান্ডের জার্সি গাঁয়ে চড়িয়েছেন গত বছরের ফেব্রুয়ারিতে টেস্টে।

ফার্গুসনকে হারিয়ে নিউ জিল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের স্বপ্ন বড় ধাক্কাই খেল। চোটের কারণে এ সপ্তাহেই আরেক পেসার বেন সিয়ার্সকে হারায় কিউইরা। 

সিয়ার্সের পর ফার্গুসনকেও হারিয়ে হতাশ নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিডের, ‘লকির (ফার্গুসন) জন্য দুঃখ হচ্ছে। লকি আমাদের বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র। ওর বড় টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা কাজে লাগত। আমরা জানি আরেকটি বড় টুর্নামেন্টে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করতে সে মুখিয়ে ছিল। সে দ্রুত সুস্থ হয়ে উঠবে এই প্রার্থনাই করছি।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers