বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ , ২৮ শাওয়াল ১৪৪৭

খেলা

গার্সিয়ার শেষ দিকের গোলে সেমিফাইনালে রিয়াল

ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারী ৬, ২০২৫, ১০:৫২:১৮

231
  • ছবি: ইন্টারনেট

প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে শুরুতে নিজেদের ঠিক মেলে ধরতে পারেনি রিয়াল মাদ্রিদ। তবে দ্রুত সময়ের মধ্যে নিজেদের গুছিয়ে নিয়ে দুবার জালের দেখা পায় রিয়াল মাদ্রিদ। কিন্তু ব্যবধান ধরতে রাখেতে পারেনি তারা। তাই ম্যাচের ভাগ্য অতিরিক্ত সময়ের দিকে গড়ানোর অপেক্ষায় ছিল। ঠিক সে সময় বদলি নেমে চমৎকার গোলে ব্যবধান গড়ে দিলেন গন্সালো গার্সিয়া। লেগানেসকে হারিয়ে কোপা দেল রের সেমি-ফাইনালে উঠল কার্লো আনচেলত্তির দল।

লেগানেসের মাঠে বুধবার রাতে স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালে ৩-২ গোলে জিতেছে রিয়াল। লুকা মদ্রিচ ও এন্দ্রিকের লক্ষ্যভেদে রিয়াল এগিয়ে যাওয়ার পর লেগানেসের হয়ে দুই অর্ধে দুটি গোল করেন হুয়ান ক্রুস। ৯৩তম মিনিটে রিয়ালের জার্সিতে নিজের প্রথম গোলে দলকে উল্লাসে ভাসান ২০ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড গার্সিয়া।

গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের কারণে ছিলেন না রিয়ালের দুই তারকা কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যাম। প্রথমার্ধে ভিনিসিউস জুনিয়রকেও রাখা হয় বেঞ্চে। এ সুযোগে লেগানেস প্রথম আট মিনিটে কয়েক দফায় ভীতি ছড়ায় রিয়ালের রক্ষণে। এই সময়ের মধ্যে গোলের জন্য চারটি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে পারে তারা। অস্কার রদ্রিগেসের ওই শট ঠেকান গোলরক্ষক আন্দ্রি লুনিন।

অষ্টাদশ মিনিটে মদ্রিচের গোলে এগিয়ে যায় রিয়াল। বাঁ দিক থেকে রদ্রিগোর পাস বক্সে প্রথম দফায় নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে জালে পাঠান ক্রোয়াট মিডফিল্ডার। ২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এন্দ্রিক। সতীর্থের পাসে বক্সে প্রতিপক্ষের পা ছুঁয়ে বল পান ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ছয় গজ বক্সের বাইরে থেকে বাকিটা সারেন এই তরুণ।

৩৯তম মিনিটে সফল স্পট-কিকে ব্যবধান কমান হুয়ান ক্রুস। তারই শট বক্সে রিয়ালের তরুণ ডিফেন্ডার ইয়াকোবো রামনের হাতে লাগলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। দ্বিতীয়ার্ধের শুরুতে রদ্রিগোর বদলি নামেন ভিনিসিউস। ৫০তম মিনিটে গোল পেতে পারতেন তিনি। তার কোনাকুনি শট পা দিয়ে ঠেকান গোলরক্ষক। খানিক পর অল্প সময়ের ব্যবধানে দুটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি এদ্রিক।

৫৯তম মিনিটে ক্রুসের দ্বিতীয় গোলে সমতায় ফেরে লেগানেস। এক সতীর্থকে বক্সে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি। ফিরতি পাস পেয়ে এই স্প্যানিশ উইঙ্গারের শট রেয়ালের ডিফেন্ডার ফেরলদ মদিঁর পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। 

৮৪তম মিনিটে বক্সের বাইরে থেকে লেগানেসের দানি রাবার জোরাল নিচু শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন লুনিন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে কর্নারে গোলরক্ষক বরাবর হেড করেন রেয়ালের অহেলিয়া চুয়ামেনি।

তিন মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে ফেদেরিকো ভালভের্দের শট গোলরক্ষক ঠেকানোর পর উড়িয়ে মারেন দানি সেবাইয়োস। এরপর শেষ মুহূর্তে গার্সিয়ার ওই গোলে রিয়ালের জয়োল্লাস। ডান দিক থেকে ব্রাহিমের ক্রসে ছয় গজ বক্সে লাফিয়ে হেডে গোলটি করেন ৮২তম মিনিটে এন্দ্রিকের বদলি নামা এই তরুণ।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers