বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

জীবনযাত্রা

এইডস প্রতিরোধে নতুন আশার ট্যাবলেট!

নিউজজি ডেস্ক আগস্ট ৫, ২০২৬, ১২:১৭:৫৯

96
  • সংগৃহীত

ঢাকা: বিশ্বজুড়ে লাখো মানুষের মৃত্যুর কারণ এইডসের বিরুদ্ধে নতুন আশার আলো দেখাচ্ছে একটি পরীক্ষামূলক ওষুধ। এতদিন কার্যকর প্রতিষেধকের অভাবে এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণই ছিল প্রধান ভরসা। এবার গবেষকরা এমন একটি নতুন ট্যাবলেট তৈরি করেছেন, যা এইচআইভি-১ ভাইরাসের বংশবৃদ্ধি বাধাগ্রস্ত করতে সক্ষম বলে দাবি করা হচ্ছে।

‘ভিএইচ ৪৯৯’ নামের এই ওষুধটি প্রথম মানব পরীক্ষায় সফল হয়েছে। গবেষকদের মতে, ওষুধটি এইচআইভি ভাইরাসের চারপাশে থাকা ক্যাপসিড প্রোটিনকে লক্ষ্য করে কাজ করে। এই প্রোটিন ভাইরাসটির বেঁচে থাকা ও শরীরে ছড়িয়ে পড়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে ক্যাপসিডকে নিয়ন্ত্রণের মাধ্যমে ভাইরাসের বিস্তার ঠেকাতে সক্ষম হতে পারে নতুন এই ওষুধ।

সম্প্রতি ২৩ জন এইচআইভি-১ আক্রান্ত প্রাপ্তবয়স্ক রোগীর ওপর ওষুধটির ফেস-২এ ট্রায়াল সম্পন্ন হয়েছে। এ সময় ২০ জন রোগীকে ভিএইচ-৪৯৯ ওষুধের বিভিন্ন ডোজ দেওয়া হয়েছে। ৩ জন রোগীকে দেওয়া হয়েছে প্লাসিবো। চিকিৎসার আগে সব রোগীর রক্তে এইচআইভি ভাইরাসের পরিমাণ বেশি থাকলেও মাত্র ১১ দিনের মধ্যে প্রত্যেক রোগীর রক্তের ভাইরাল লোড উল্লেখযোগ্যভাবে কমে যায়।

উচ্চমাত্রার ডোজ নেওয়া রোগীদের রক্তে ভাইরাসের মাত্রা সবচেয়ে বেশি কমেছে। প্লাসিবো নেওয়া রোগীদের অবস্থায় কোনো পরিবর্তন দেখা যায়নি। ক্লিনিক্যাল ইনফেকশাস ডিজিজেস সাময়িকীতে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে।

পরীক্ষায় দেখা গেছে, ভিএইচ-৪৯৯ ওষুধটি শরীরে বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করেনি, ফলে সহজেই সহ্য করা যায়। ওষুধটি নিয়ে আগ্রহের বড় কারণ এতে সিওয়াইপি৩এ৪ এনজাইমের সঙ্গে প্রতিক্রিয়া খুব কম হয়। এই এনজাইম মানবদেহে বিভিন্ন ওষুধ প্রক্রিয়াজাত করতে কাজ করে। অনেক ধরনের অসুখের ওষুধ একসঙ্গে খেলে জটিলতা তৈরি হয়। নতুন এই ওষুধ সেই ঝুঁকি অনেক কমিয়ে আনবে।

লেনাকাপ্যাভির নামের আরেকটি ওষুধের সঙ্গে নতুন ওষুধটির তুলনা করা হচ্ছে। লেনাকাপ্যাভির হলো ক্যাপসিড প্রতিরোধক অন্য একটি ওষুধ। লেনাকাপ্যাভির ইনজেকশন ছয় মাস পর্যন্ত সুরক্ষা দেয়। তবে অন্য ওষুধের সঙ্গে এটি কিছুটা প্রতিক্রিয়া দেখায়। জটিল চিকিৎসার প্রয়োজন হওয়া রোগীদের জন্য ভিএইচ-৪৯৯ একটি ভালো বিকল্প হবে।

প্রথম ধাপে দারুণ সাফল্য মিললেও ব্যাপক ব্যবহারের আগে আরও অনেক পথ বাকি। সাধারণ রোগীদের কাছে পৌঁছানোর আগে বড় পরিসরে ফেজ ৩ ট্রায়াল সম্পন্ন করতে হবে।

চিকিৎসকদের মতে, দীর্ঘমেয়াদি এইচআইভি চিকিৎসার সুযোগ বাড়াতে এই ওষুধ বড় ভূমিকা রাখবে। বিশ্বব্যাপী এইচআইভি সংক্রমণ কমানোর লড়াইয়ে নতুন সংযোজন হবে এই ট্যাবলেট। সূত্র: এনডিটিভি

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers