বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

জীবনযাত্রা

চোখ ফোলা কি ঘুমের সমস্যা নাকি থাইরয়েডের ইঙ্গিত?

নিউজজি ডেস্ক জানুয়ারী ৩০, ২০২৬, ১১:৩৯:৫৪

141
  • ছবি : সংগৃহীত

ঢাকা: সকালে ঘুম থেকে উঠে আয়নায় তাকালেই যদি চোখ ফোলা, চোখের পাতার চারপাশে লালচে ভাব বা স্ফীতি চোখে পড়ে, তবে বিষয়টি অনেকের কাছেই খুব পরিচিত। সাধারণত আমরা ধরে নিই, ঠিকমতো ঘুম হয়নি, অ্যালার্জির সমস্যা হয়েছে কিংবা মানসিক চাপের প্রভাব পড়েছে। কিন্তু চিকিৎসকদের মতে, এই চোখ ফোলার আড়ালে থাকতে পারে আরও গুরুতর একটি কারণ—থাইরয়েডের সমস্যা। বিষয়টি আমরা বেশিরভাগ সময়ই গুরুত্ব দিয়ে দেখি না। চক্ষু বিশেষজ্ঞ ডা. স্মিত বাভারিয়ার মতে, থাইরয়েডজনিত সমস্যার প্রাথমিক লক্ষণ অনেক ক্ষেত্রেই চোখের মাধ্যমেই প্রকাশ পায়।

থাইরয়েড কীভাবে চোখে প্রভাব ফেলে

থাইরয়েড হলো গলার ছোট একটি গ্রন্থি, যা আমাদের শরীরের কাজের গতি নিয়ন্ত্রণ করে। শক্তি, ওজন, হৃৎস্পন্দন এমনকি চোখের স্বাস্থ্যের সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। ডা. বাভারিয়ার মতে, থাইরয়েড ঠিকমতো কাজ না করলে তার প্রভাব অনেক সময় চোখে দেখা যায়। চোখ ফোলা, পাতা ভারী লাগা বা শুষ্কতা এসবই হতে পারে থাইরয়েড সমস্যার প্রাথমিক লক্ষণ।

থাইরয়েড আই ডিজিজ একটি নীরব সমস্যা

থাইরয়েডজনিত একটি জটিলতা হলো থাইরয়েড আই ডিজিজ। এতে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা ভুল করে চোখের চারপাশের টিস্যুকে আক্রমণ করে। এর ফলে দেখা দিতে পারে—

  • চোখ ও চোখের পাতা ফোলা
  • লালচে ভাব ও পানি পড়া
  • চোখ শুষ্ক লাগা
  • চোখের চারপাশ ভারী মনে হওয়া
  • চোখ কিছুটা বেরিয়ে আসছে মনে হওয়া

কখনো কখনো চোখের গঠনেই পরিবর্তন দেখা যায়, যা রোগীকে মানসিকভাবেও বিপর্যস্ত করে তোলে।

কেন এই সমস্যা দেরিতে ধরা পড়ে

এই রোগকে আরও জটিল করে তোলে একটি গুরুত্বপূর্ণ বিষয়—অনেক সময় চোখের সমস্যাই হয়ে ওঠে থাইরয়েডের প্রথম সতর্ক সংকেত। শুরুতে ওজন কমা বা বাড়া, হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া কিংবা অতিরিক্ত গরম লাগার মতো পরিচিত উপসর্গ নাও দেখা দিতে পারে। সে কারণে চোখ ফোলার বিষয়টি বেশিরভাগ মানুষই গুরুত্ব দেন না। অনেকেই ঘরোয়া পদ্ধতিতে সমাধানের চেষ্টা করেন বা একেবারেই উপেক্ষা করেন, যা পরবর্তীতে মারাত্মক সমস্যার দিকে নিয়ে যেতে পারে।

যেসব লক্ষণ অবহেলা করবেন না

চক্ষু বিশেষজ্ঞদের মতে, নিচের লক্ষণগুলো দেখা দিলে সতর্ক হওয়া জরুরি—

  • হঠাৎ বা দীর্ঘদিন চোখের পাতা ফোলা
  • চোখ লাল হওয়া বা জ্বালা করা
  • আলোতে চোখে অস্বস্তি
  • পুরোপুরি চোখ বন্ধ করতে সমস্যা
  • চোখের চেহারায় স্পষ্ট পরিবর্তন

এই উপসর্গগুলো যদি কয়েকদিনের বেশি থাকে, তাহলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

আগেভাগে ধরা পড়লে সুস্থ হওয়া সহজ

ডা. বাভারিয়া বলেন, সহজ কিছু রক্ত পরীক্ষা ও চোখের পরীক্ষার মাধ্যমেই থাইরয়েড সমস্যা শনাক্ত করা যায়। সময়মতো চিকিৎসা শুরু হলে চোখের জটিলতা বাড়ে না এবং দৃষ্টিশক্তিও সুরক্ষিত থাকে। সবচেয়ে আশার কথা হলো শুরুর দিকে চিকিৎসা নিলে বেশ ভালো ফল পাওয়া যায়। চোখের অস্বস্তি কমে, চেহারার পরিবর্তনও নিয়ন্ত্রণে থাকে।

চোখ ফোলা বা লালচে ভাবকে আমরা অনেক সময় তুচ্ছ ভেবে এড়িয়ে যাই। কিন্তু এই ছোট লক্ষণই কখনো কখনো শরীরের ভেতরের বড় কোনো সমস্যার ইঙ্গিত হতে পারে। থাইরয়েডের সমস্যার ক্ষেত্রে চোখই অনেক সময় প্রথম সতর্ক সংকেত দেয়। তাই এসব পরিবর্তন অবহেলা না করে সময়মতো চিকিৎসকের শরণাপন্ন হওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

নিউজজি/এস আর  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন