বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

জীবনযাত্রা

বাঁধাকপির মজাদার দুটি রেসিপি

নিউজজি ডেস্ক জানুয়ারী ২৩, ২০২৬, ১২:১২:২৮

148
  • বাঁধাকপির মজাদার দুটি রেসিপি

ঢাকা: শীতকাল মানে সবজির মৌসুম। এসময় নানা তরতাজা সবজিতে ভরা থাকে বাজার। বাঁধাকপির সে সবের মধ্যে অন্যতম। তবে প্রতিদিন একই ধাঁচের রান্না খেতে ভালো না লাগারই কথা। তাই এই সাধারণ সবজিতে অসাধারণ স্বাদ আনতে চাইলে রান্নায় একটু ভিন্নতা আনা যেতেই পারে। তৈরি করতে পারেন সুস্বাদু ভর্তা আর রান্না করা যেতে পারে বাঁধাকপি দিয়ে গরুর মাংস। চলুন জেনে নেওয়া যাক ভিন্ন এই দুটি রেসিপি-

বাঁধাকপির ভর্তা

গরম ভাতের সঙ্গে বিভিন্ন রকম ভর্তা হলে জমে বেশ। শীতকালীন সবজি বাঁধাকপি দিয়ে তৈরি করা যায় সুস্বাদু ভর্তা। এটি তৈরি করা যায় খুব অল্প সময়েই। আবার তৈরিতে উপকরণও খুব বেশি লাগে না। চলুন তবে ঝটপট জেনে নেয়া যাক বাঁধাকপি ভর্তা তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

বাঁধাকপি কুচি- ১ কাপ

যে কোনো মাছ- ২ টুকরা

পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ

কাঁচা মরিচ- ৫-৬ টি

রসুন কুচি- ১ চা চামচ

শুকনো মরিচ ৩-৪ টি

সরিষার তেল- পরিমাণমতো।

তৈরি করবেন যেভাবে

বাঁধাকপি ধুয়ে কুচি করে ভাপিয়ে নিন। মাছের টুকরাগুলো ভেজে কাঁটা বেছে নিন। এরপর একটি প্যানে সামান্য তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ ও রসুন ভেজে নিন। এরপর তাতে যোগ করুন শুকনো মরিচ। ভাজা হলে নামিয়ে নিন। এবার ভাপানো বাঁধাকপি, কাঁটা বেছে রাখা ভাজা মাছ ও অন্যান্য উপকরণ একসঙ্গে মেখে নিন। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

বাঁধাকপি দিয়ে গরুর মাংস

এই সাধারণ সবজিতে অসাধারণ স্বাদ আনতে চাইলে রান্না করতে পারেন বাঁধাকপি দিয়ে গরুর মাংস। শীতের দুপুরে ধোঁয়া তোলা গরম ভাতের সাথে বাঁধাকপি দিয়ে গরুর মাংস বেশ জমে যাবে। চলুন জেনে নেয়া যাক এর রেসিপি-

তৈরি করতে যা লাগবে

মাংস- ১ কেজি

বাঁধাকপি সেদ্ধ- ২-৩ কাপ

টক দই- ২-৩ টেবিল চামচ

পেঁয়াজ বাটা- ৪ টেবিল চামচ

আদা বাটা- ১ টেবিল চামচ

রসুন বাটা- ১ টেবিল চামচ

গরম মসলার গুঁড়া- ১ চা চামচ

এলাচি- ২-৩ টি

দারুচিনি- ২ টুকরা

তেজপাতা- ২-৩টি

হলুদ গুঁড়া- ১-২ চা চামচ

মরিচ গুঁড়া- ১-২ চা চামচ

জিরা গুঁড়া- ১ চা-চামচ

কাঁচা মরিচ- ৪-৫টি

লবণ- স্বাদমতো

তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। বাঁধাকপি কুচি করে কেটে তারপর ধুয়ে পানি ঝরিয়ে হালকা ভাপ দিয়ে রাখুন। এবার  মাংসের সাথে সব মসলা একসাথে  মাখিয়ে ১৫- ২০ মিনিট রেখে দিন। এরপর  একটি পাত্রে  তেল দিয়ে এলাচ, তেজপাতা, দারুচিনি দিয়ে পাঁচফোড়ন দিন।

এখন মাখানো মাংস দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিন। কিছুটা  শুকিয়ে আসলে অল্প গরম পানি দিয়ে ঢেকে দিন। সেদ্ধ  না হওয়া পর্যন্ত বার বার অল্প অল্প করে গরম পানি দিয়ে অপেক্ষা করুন। ঝোল ঘন হয়ে আসলে বাঁধাকপি দিয়ে নেড়ে ঢেকে দিন। অল্প আঁচে রান্না করুন। এবার কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ রেখে মাখা মাখা হলে নামিয়ে পরিবেশন করুন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন