বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

ফিচার
  >
বিশেষ কলাম

নশ্বর পৃথিবী ছেড়ে অনন্তলোকে ‘আপসহীন’ নেত্রী খালেদা জিয়া

সুমিত দত্ত ৩১ ডিসেম্বর , ২০২৫, ১১:৪৬:৩৭

341
  • ছবি: সংগৃহীত

ঢাকা: নশ্বর পৃথিবী ছেড়ে খালেদা জিয়া চলে গেছেন অনন্তলোকে। কিন্তু তিনি কি সত্যিই চলে গেছেন? না। গণতন্ত্রে, দেশপ্রেমে, পরমতসহিষ্ণুতায় তিনি আজও আমাদের মাঝে। বাংলাদেশের মানুষের হৃদয়ে–মননে, সংগ্রামে–স্বপ্নে, সংকটে–প্রত্যয়ে খালেদা জিয়া অবধারিতভাবে যুক্ত থাকবেন। গণতন্ত্র, দেশপ্রেম ও আত্মমর্যাদার তুলনারহিত এক প্রতীক ছিলেন তিনি।

তাঁর ত্যাগ, তাঁর দৃঢ়তা, তাঁর দূরদর্শী প্রজ্ঞা আমাদের সাহস জোগাবে যুগের পর যুগ। আমাদের সৌভাগ্য এই জাতি একজন এতটা অবিচল, এতটা আপসহীন নেত্রী পেয়েছিল।

রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মর্মান্তিক শাহাদাতের পর গৃহকোণ ছেড়ে তাঁকে নামতে হয়েছিল জটিল, কুটিল, অস্থির রাজনীতির ময়দানে। হাল ধরতে হয়েছিল শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দল বিএনপির।

একদিকে স্বৈরাচার এরশাদ, অন্যদিকে স্বৈরাচারী শেখ হাসিনার শাসন দুই যুগের দুঃশাসনে ব্যক্তিগত জীবন, পরিবার, দল সবই পড়েছিল অগ্নিপরীক্ষায়। কিন্তু ধৈর্য, প্রজ্ঞা ও সহিষ্ণুতায় তিনি উত্তীর্ণ হন সসম্মানে।

তিনি শুধু বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীই নন। তিনি ছিলেন বেগম রোকেয়ার উত্তরাধিকার। পূর্ণ সংসদীয় শাসনব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নারীশিক্ষার ব্যাপক প্রসার এসব কেবল সিদ্ধান্ত নয়, এগুলো ছিল ইতিহাস নির্মাণ।

স্বৈরাচারের প্রলোভন উপেক্ষা করে জনগণের প্রত্যাশার পক্ষে তিনি রেখে গেছেন আপসহীনতার উজ্জ্বল দৃষ্টান্ত।

ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে খালেদা জিয়াকে নজিরবিহীন নির্যাতনের মুখে পড়তে হয়। মিথ্যা মামলা, অফিস অবরোধ, স্মৃতিবিজড়িত বাসভবন থেকে উচ্ছেদ, কারাবাস,গৃহবন্দিত্ব হারাতে হয়েছে কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে। নৃশংস নির্যাতনের শিকার হন জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। তবু এই মহীয়সী নারী ভাঙেননি। আজ ইতিহাস সাক্ষী নির্যাতকের পরিণতি কী হয়।

১৮ কোটি মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থায়ী আসন পেয়েছেন খালেদা জিয়া। গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের গাথায় তাঁর নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। রাজপথে আন্দোলন, রাষ্ট্র পরিচালনা, সহিষ্ণুতার জবাব সব ক্ষেত্রেই তিনি এক অনন্য মানদণ্ড। মহীয়সীর মৃত্যু হয় না। খালেদা জিয়া আমাদের মাঝে আছেন সংকটে, সংগ্রামে, স্বপ্নে। শোক পরিণত হোক শক্তিতে। বেদনাহত উপলব্ধি হয়ে উঠুক ঐক্যের বীজমন্ত্র।বিদায় দেশনেত্রী। আপনি অমর।

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers