বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

ফিচার
  >
বিশেষ কলাম

গাজায় যুদ্ধবিরতি, মানুষ যেন আর না কাঁদে

মাঈনুদ্দীন দুলাল ১৩ অক্টোবর , ২০২৫, ১৭:৫৩:৫১

472
  • সংগৃহীত

দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার বাহিনী প্রায় ৬০ লাখ ইহুদিকে হত্যা করেছে। এই নৃশংস হত্যাকান্ডকে বলা হয় হলোকাস্ট।বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ইহুদি ধর্মাবলম্বী হওয়ার কারণে তিনি প্রাণ বাঁচাতে জন্মভূমি জার্মানি থেকে পালিয়ে উদ্বাস্তু জীবন বেছে নেন। এত মৃত্যু, এত নির্মমতা দেখার পর যুদ্ধ ও শান্তি নিয়ে তার একটি বক্তব্য খুব উল্লেখযোগ্য। তিনি বলেছেন, " জোর করে শান্তি ধরে রাখা যায়না, এটা কেবল অনুধাবন করার মাধ্যমেই অর্জিত হতে পারে"। আইনস্টাইনের এই কথাটি গাজা সংকটের এই সময়ে  প্রণিধানযোগ্য মনে হয়।

আন্তর্জাতিক চাপ ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্ততায় ইসরায়েল ও হামাস যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে। দু'পক্ষই বন্দী বিনিময় করছে।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় গত দু'বছরে মারা গেছেন  প্রায় ৬৮ হাজার জন। আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজারের বেশি ফিলিস্তিনী। নিহত ও আহতদের অর্ধেকই নারী ও শিশু। জাতিসংঘের হিসাবে ৯২ শতাংশ বাড়ি-ঘর ও স্থাপনা ধ্বংস হয়ে গেছে।

গাজায় যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তি চূড়ান্ত করতে মিসরের লোহিত সাগর তীরবর্তী অবকাশযাপন শহর শারম আল-শেখে একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বের ২০ জনেরও বেশি নেতা উপস্থিত থাকবেন।

আলজাজিরা জানিয়েছে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, তারাও এই সম্মেলনে উপস্থিত থাকবেন। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের প্রধানরাও এ সম্মেলনে উপস্থিত থাকছেন।

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাড়িঘরে ফিরছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। উত্তরাঞ্চলে ঘরে ফেরার পর তারা ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই খুঁজে পাচ্ছেন না। ইতোমধ্যে বুলডোজার দিয়ে ধ্বংসস্তূপ পরিষ্কার শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে আসছে একের পর এক মরদেহ। 

গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ১২৪টি মরদেহ নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে ১১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে ইসরায়েলের বোমা হামলায় ধসে পড়া ভবনের নিচ থেকে।

তবে বিশ্লেষকরা বলছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি টিকিয়ে রাখতে মিশরে অনুষ্ঠিত সম্মেলনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য বিশ্লেষক স্টিফেন জিউনেস আল জাজিরাকে বলেন, এবার যুদ্ধবিরতিটি স্থায়ীভাবে কার্যকর করার জন্য দৃঢ় মনোভাব দেখা যাচ্ছে। ওয়াশিংটনের সমর্থন না থাকলে এবার চুক্তি ভঙ্গ করা নেতানিয়াহুর জন্য কঠিন হবে।

কিন্তু মিশরের শারম আল শেখ শহরে স্বাক্ষরিত হতে যাওয়া এই চুক্তিতে কি আছে? কাতারের দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি উদ্যোগটি জিম্মি ও বন্দি বিনিময় চুক্তি পর্যন্তই সীমাবদ্ধ। এতে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য কোনো বিস্তৃত ও স্পষ্ট রূপরেখা নেই।

ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতিকে একটি বিস্তৃত শান্তি চুক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করলেও, বাস্তবে এটি দুই বছরের যুদ্ধের অবসান ছাড়া আর কিছু নয়। আমরা কোনো দীর্ঘমেয়াদি শান্তির রূপরেখা দেখতে পাচ্ছি না। পশ্চিম তীরের দখল নিয়ে কোনো আলোচনা নেই। গাজার ওপর ইসরায়েলি অবরোধ বা এই সংঘাতের কাঠামোগত কারণগুলো নিয়েও কিছু বলা হয়নি। - বলেন মোহাম্মদ এলমাসরি।

যুক্তরাষ্ট্রের ২০ দফা পরিকল্পনায় গুরুতর সমস্যা আছে উল্লেখ করে এলমাসরি বলেন, বিশেষ করে ইসরায়েল কীভাবে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে তা স্পষ্ট নয়। পশ্চিমা গণমাধ্যমের সমালোচনা করে এলমাসরি আরও বলেন, বন্দি বিনিময় প্রক্রিয়ায় একপাক্ষিক মনোযোগ দেওয়া হচ্ছে ইসরায়েলি ও তাদের পরিবারের প্রতি। কিন্তু ফিলিস্তিনের বন্দীদের মুক্তি প্রক্রিয়া শুরু হয়নি।

আন্তর্জাতিক রাজনীতি সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, দ্বি-রাষ্ট্র ব্যবস্থাই হবে ইসরায়েল - ফিলিস্তিন সমস্যার টেকসই সমাধান। এখানে সীমানা নির্ধারণ, হামাসের অবস্থান, ফিলিস্তিনের রাজনৈতিক স্থিতিশীলতা এবং আরব বিশ্বের ঐক্য প্রতিবন্ধকতা তৈরি করছে। কিন্তু অসম্ভব নয় ইসরায়েল ও ফিলিস্তিন দুটি রাষ্ট্র পাশাপাশি অবস্থান করা। এখানে সহনশীলতা ও সহমর্মিতা হবে শেষ কথা।

আবারো উচ্চারণ করি আলবার্ট আইনস্টাইনের কথাটি, "চরম ও পরম অনুধাবনের মাধ্যমে শান্তি অর্জিত হতে পারে"।

আমরা আর মানুষের বেদনা দেখতে চাইনা। " মানুষ যেন আর না কাঁদে"।

লেখক: সাংবাদিক

বি.দ্র.- (এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। নিউজজি২৪ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers