বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

ফিচার
  >
বিশেষ কলাম

নোবেল শান্তি পুরষ্কার কি ঔজ্জ্বল্য হারাচ্ছে?

মাঈনুদ্দীন দুলাল ১১ অক্টোবর , ২০২৫, ১৮:২৫:০৫

555
  • সংগৃহীত

চলতি বছর নোবেল শান্তি পুরষ্কার পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। তিনি ঐ দেশের একজন ভিন্নমতের রাজনৈতিক ও সমাজকর্মী। তার পুরষ্কার পাওয়ার ব্যাপারে নোবেল কমিটি বলেছে," মাচাদো দেখিয়েছেন যে, গণতন্ত্র ও শান্তির পন্থা এক। তিনি এমন এক ভবিষ্যতের আশা ব্যক্ত করেন, যেখানে নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে এবং তাদের কণ্ঠস্বর শোনা যাবে। এই মানুষ শেষ পর্যন্ত শান্তিতে বাঁচার স্বাধীনতা পাবে।"

মাচাদো সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকায় সাহসিকতার এক অনন্য উদাহরণ হিসেবে আবির্ভূত হন উল্লেখ করে কমিটির চেয়ারম্যান বলেছেন, গুরুত্বপূর্ণ ঐক্যের প্রতীক হিসেবে কাজ করেছেন মাচাদো।

মাচাদো'র নাম ঘোষণার পর ট্রাম্প নিজেই নিশ্চিত করেন, ‘যিনি পুরস্কার পেয়েছেন, তিনি আমাকে ফোন করে বললেন, ‘আমি এই পুরস্কারটি আপনার সম্মানে গ্রহণ করছি, কারণ আসলে আপনিই এটি পাওয়ার যোগ্য।’ এটা খুব সুন্দর ব্যাপার। আমি বলিনি, তাহলে আমাকেই দাও- যদিও উনি দিলে খারাপ হতো না!’

তিনি আরও বলেন, ‘আমি ওকে অনেকভাবে সাহায্য করেছি।"

ট্রাম্পের বক্তব্যে পরিষ্কার আমেরিকার সরকার ও ডিপ স্টেটের সাথে মাদাচো'র গভীর সম্পর্ক ও আস্থা।দীর্ঘ সময় ধরে ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনে আমেরিকা সচেষ্ট। সেখানে তার পছন্দের সরকার নেই।

শান্তিতে নোবেল পুরষ্কার নিয়ে সমালোচকরাও সোচ্চার।  তারা মনে করেন, সেসকল মানবাধিকারকর্মীই বিগত কয়েক বছর ধরে নোবেল পুরস্কার পাচ্ছেন যাদের সংগ্রাম এবং কর্ম পশ্চিমা নীতি-আদর্শ বিরোধিতাকারী সরকারের বিরুদ্ধে যায়। মিয়ানমারের অং সান সুকি, ইরানের শিরিন এবাদি, চীনের লিউ জিয়াওবের নোবেল বিজয় সেই সাক্ষই দেয়।

যে সকল রাষ্ট্র প্রধান নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন তারাও পুরোপুরি পশ্চিমাদের অনুগত থেকে কাজ করেছেন। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জং এবং ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মারটি আহতিসাআরির নাম এক্ষেত্রে বলা হয়।

মারিয়া কোরিনা মাচাদোকে ঘিরে বিতর্ক ক্রমেই বাড়ছে। ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক মহলের একাংশ প্রশ্ন তুলছে, একজন এমন রাজনীতিককে কীভাবে শান্তির প্রতীক হিসেবে পুরস্কৃত করা যায়, যিনি দীর্ঘদিন ধরে ইজরায়েলের ঘনিষ্ঠ মিত্র এবং গাজা উপত্যকার নিরস্ত্র প্যালেস্তাইনের  জনগণের ওপর বোমা হামলার ঘটনায় প্রকাশ্যে সমর্থন না দিলেও, সেই রাষ্ট্রনীতির ঘোর সমর্থক হিসেবে পরিচিত। মাচাদো নিজে সরাসরি প্যালেস্তাইনের গণহত্যার পক্ষে মন্তব্য না করলেও, তাঁর রাজনৈতিক অবস্থান এবং অতীত কর্মকাণ্ড তাঁকে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী করে তুলেছে বলেই আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম  জানাচ্ছে।

হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের আকস্মিক আক্রমণের পর মাচাদো প্রকাশ্যে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি হামাসের ওপর তীব্র আক্রমণ করে বলেছিলেন, এটি “সন্ত্রাসবাদ” এবং “যে কোনো রূপে সন্ত্রাসবাদকে পরাস্ত করা দরকার।” সেই সময় তিনি বিরোধী প্রার্থীদের মধ্যে অন্যতম ছিলেন এবং তাঁর এই মন্তব্য স্পষ্টভাবে মার্কিন–ইজরায়েলি অবস্থানের সঙ্গে সাযুজ্যপূর্ণ ছিল। ফলে, শান্তি ও মানবাধিকারের পক্ষে তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন আরও গভীর হয়েছে।

মারিয়া কারিনো মাচাদো জানিয়েছেন, কখনো তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হলে তিনি দেশটির দূতাবাস ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে স্থানান্তর করবেন। তিনি দখলদার ইসরায়েলের সঙ্গে একাত্বতা প্রকাশ করেছেন। যে ইসরায়েল নিজেই একটি বর্ণবাদী সরকার। তারা আত্মরক্ষার অজুহাতে গাজায় নির্বিচারে হামলা চালিয়েছে। যা থেকে হাসপাতালও বাদ যায়নি।

এবার শান্তি পুরষ্কারের জন্য মনোনয়ন পান ৩৩৮ জন। এরমধ্যে ২৪৪ জন ব্যক্তি ও ৯৪টি প্রতিষ্ঠান। এবার ভেনেজুয়েলাকে বেছে নেয়া হল। পাশ্চাত্য বিশ্বের নজরে ভেনেজুয়েলা একরোখা এবং অনমনীয়। তারা তাদের স্বাধীন চিন্তা, মত ও অবস্থান নিঃসঙ্কোচে প্রকাশ করছে জাতিসংঘসহ বিশ্বের সব প্লাটফর্মে।

ইসরায়েলের বিরুদ্ধে ভেনেজুয়েলার অবস্থা হলো, দেশটি ইসরায়েলের গাজায় আক্রমণ এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের তীব্র নিন্দা করে। ২০০৯ সালে, ভেনেজুয়েলা ইসরায়েলের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং ইসরায়েলের গাজা আক্রমণের নিন্দা জানায়। 

এছাড়াও, ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ ইসরায়েল-মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি এবং মধ্যপ্রাচ্যের বিষয়ে তাদের ভূমিকার বিরোধিতা করতেন। তাহলে প্রশ্ন ওঠাটা কি খুব অস্বভাবিক যে, নোবেল শান্তি পুরষ্কারের ঔজ্জ্বল্য দিন দিন কি ফিকে হয়ে আসছে?

লেখক: সাংবাদিক

বি.দ্র.- (এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। নিউজজি২৪ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers