শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

ফিচার

হিরোশিমা ট্র্যাজেডির ৮১ বছর আজ

নিউজজি ডেস্ক আগস্ট ৬, ২০২৬, ১৩:৪৮:৫২

69
  • সংগৃহীত

ঢাকা: হিরোশিমা দিবস উপলক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমা হামলায় নিহতদের স্মরণ করেছে জাপান। ১৯৪৫ সালের এই দিনে জাপানের হিরোশিমা শহরে যুক্তরাষ্ট্রের ফেলা 'লিটল বয়' নামের পারমাণবিক বোমায় তাৎক্ষণিকভাবে ও পরবর্তী সময়ে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) হামলার ৮১তম বার্ষিকীতে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

এই দিনে বিশ্ব থেকে সব ধরনের পারমাণবিক অস্ত্র নির্মূলের আহ্বান জানিয়েছে জাপান। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, হিরোশিমার শান্তি স্মৃতি উদ্যানে বার্ষিক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে অংশ নেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের প্রতিনিধিরাও এতে উপস্থিত হয়ে পারমাণবিক হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।

এবার রেকর্ড ১২৩টি দেশ ও অঞ্চলের প্রতিনিধি এই অনুষ্ঠানে যোগ দেন। তারা সবাই পারমাণবিক বোমা হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বোমা হামলায় নিহতদের হালনাগাদ নামের তালিকা শান্তি স্মৃতিস্তম্ভের ভেতরে সংরক্ষণ করা হয়। এনএইচকের তথ্য অনুযায়ী, এই তালিকায় এখন মোট ৩ লাখ ৫৩ হাজার ৬৩৯ জনের নাম রয়েছে।

গত এক বছরে মারা যাওয়া বোমা হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের নামও এবার তালিকায় যুক্ত করা হয়েছে।

সকাল ঠিক ৮টা ১৫ মিনিটে এক মিনিট নীরবতা পালন করেন অনুষ্ঠানে উপস্থিত সবাই। ১৯৪৫ সালের ৬ আগস্ট ঠিক এই সময়েই যুক্তরাষ্ট্র হিরোশিমা শহরের ওপর বিশ্বের প্রথম যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত পারমাণবিক বোমা ফেলেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে হিরোশিমায় এই হামলা ইতিহাসের অন্যতম ভয়াবহ ঘটনা হিসেবে বিবেচিত হয়। যুক্তরাষ্ট্র শহরটির ওপর ইউরেনিয়ামভিত্তিক পারমাণবিক বোমা নিক্ষেপ করে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers