শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

ফিচার

তারকাখ্যাতি সেলেনা গোমেজের জন্মদিন আজ

নিউজজি ডেস্ক জুলাই ২২, ২০২৬, ১৪:১৩:৫১

102
  • সংগৃহীত

ঢাকা: অভিনয় দিয়ে বিনোদন জগতে যাত্রা শুরু করেছিলেন সেলেনা গোমেজ। পরে গানের জগতেও নিজের প্রতিভার প্রমাণ দিয়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন এই মার্কিন তারকা। অল্প বয়সেই অভিনেত্রী ও গায়িকা হিসেবে তৈরি করেছেন শক্ত অবস্থান।

আজ সেলেনা গোমেজের জন্মদিন। ১৯৯২ সালের ২২ জুলাই যুক্তরাষ্ট্রের টেক্সাসে জন্ম নেওয়া এই তারকা ছোটবেলা থেকেই বিনোদনের প্রতি আগ্রহী ছিলেন। মাত্র ১০ বছর বয়সে ‘বারনি অ্যান্ড ফ্রেন্ডস’ টিভি সিরিজের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। সিরিজটি দুই বছর ধরে প্রচারিত হয়ে দর্শকদের মাঝে জনপ্রিয়তা পায়।

এরপর সেলেনা ‘স্পাই কিডস থ্রিডি: গেম ওভার’, ‘ওয়াকার, টেক্সাস র‍্যাঙ্গার: ট্রায়াল বাই ফায়ার’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেন। পাশাপাশি ডিজনি চ্যানেলের ‘দ্য স্যুট লাইফ অব জ্যাক অ্যান্ড কোডি’ সিরিজে অতিথি শিল্পী হিসেবেও কাজ করেন।

পরবর্তীতে ডিজনির জনপ্রিয় সিরিজ ‘উইজার্ডস অব ওয়েভার্লি প্লেস’-এ প্রধান চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান সেলেনা। সিরিজটির সাফল্যের মাধ্যমে তিনি একাধিক পুরস্কারের জন্য মনোনয়নও লাভ করেন।

সেলেনা অভিনীত অন্যান্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘জোনাস ব্রাদারস: লিভিং দ্য ড্রিম’, ‘ডিসনি চ্যানেল গেমস’, ‘প্রিন্সেস প্রোটেকশন প্রোগ্রাম’, ‘উইজার্ডস অফ ওয়েভার্লি প্লেস দ্য মুভি’ ইত্যাদি।

সেলেনা গোমেজের সংগীতজীবনের আনুষ্ঠানিক শুরু হয় ২০০৮ সালে। হলিউড রেকর্ডসের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর নিজের ব্যান্ড ‘সেলেনা গোমেজ অ্যান্ড দ্য সিন’-এর মাধ্যমে প্রকাশ করেন প্রথম অ্যালবাম ‘কিস অ্যান্ড টেল’। এরপর ব্যান্ডটির পক্ষ থেকে আসে ‘এ ইয়ার উইথআউট রেইন’ ও ‘হোয়েন দ্য সান গোজ ডাউন’ অ্যালবাম।

২০১৩ সালে একক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন সেলেনা। তার প্রথম একক অ্যালবাম ‘স্টারস ডান্স’ বিলবোর্ড ২০০ চার্টে জায়গা করে নেয় এবং কানাডার সংগীত তালিকাতেও শীর্ষে পৌঁছে যায়। পরের বছর ‘ফর ইউ’ নামে আরেকটি অ্যালবামে গান করেন তিনি।

এ পর্যন্ত সেলেনা গোমেজ তিনটি স্টুডিও অ্যালবাম, একটি মিক্সড অ্যালবাম, দুটি এক্সটেন্ডেড প্লে এবং ২৭টি একক গান প্রকাশ করেছেন। ২০১৫ সালের এক জরিপ অনুযায়ী, তার অ্যালবাম বিক্রি হয়েছে প্রায় ৬ দশমিক ৭ মিলিয়ন কপি এবং একক গান বিক্রি হয়েছে ২২ মিলিয়নেরও বেশি।

সংগীত ও বিনোদন জগতে অবদানের স্বীকৃতি হিসেবে সেলেনা গোমেজ পেয়েছেন আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড, দুইবার বিলবোর্ড উইমেন ইন মিউজিক অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মাননা। এছাড়া তার ঝুলিতে রয়েছে ৮টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।

ব্যক্তিগত জীবনেও নানা সময়ে আলোচনায় ছিলেন সেলেনা। ২০০৮ সালে নিক জোনাসের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর ২০১০ সালে জাস্টিন বিবারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক শুরু হয়। তাদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে ভক্ত ও গণমাধ্যমে ব্যাপক আগ্রহ ছিল। একাধিকবার বিচ্ছেদ ও পুনর্মিলনের পর ২০১৮ সালে তাদের সম্পর্কের চূড়ান্ত সমাপ্তি ঘটে।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers