শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ , ২২ শাওয়াল ১৪৪৭

ফিচার

উপসাগরীয় যুদ্ধের ধকল চিকিৎসা ও প্রযুক্তি খাতে

মাঈনুদ্দীন দুলাল এপ্রিল ৬, ২০২৬, ১৬:৪১:৫৫

154
  • সংগৃহীত

ইরান-আমেরিকা-ইসরায়েল চলমান যুদ্ধে গোটা দুনিয়া উদ্বিগ্ন জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ নিয়ে। এরই মধ্যে এই দুই পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে প্রায় ৩০ শতাংশ বেড়েছে। যার প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে পড়তে শুরু করেছে। জ্বালানির পাশাপাশি এবার সংকট আসছে হিলিয়াম গ্যাসের বৈশ্বিক সরবরাহে। কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্প, কম্পিউটার,মোবাইল ফোন, বিভিন্ন অত্যাধুনিক গাড়ির জন্য চিপ তৈরি ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার এমআরআই স্ক্যানারের  জন্য অত্যাবশ্যকীয় এই গ্যাসের সংকট প্রযুক্তি ও চিকিৎসা খাতে সমস্যা তৈরি করছে।

বিশ্বের মোট হিলিয়াম গ্যাস চাহিদার প্রায় এক-তৃতীয়াংশ আসে কাতার থেকে । যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বিঘ্ন হওয়ায় কাতার থেকে হিলিয়াম রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন হিলিয়াম গ্যাস তাপ শোষণ করতে পারে। এটি সেমিকন্ডাক্টর বা কম্পিউটার চিপ তৈরির সময় সিলিকন ওয়েফারকে ঠান্ডা রাখে। এছাড়া এমআরআই মেশিনের সুপারকন্ডাক্টিং ম্যাগনেট ঠান্ডা রাখা ও ফাইবার অপটিকস উৎপাদন এবং মহাকাশযান উৎক্ষেপণেও হিলিয়াম গ্যাস অত্যাবশ্যক।

বিশ্বে ব্যবহৃত মোট হিলিয়ামের প্রায় এক-চতুর্থাংশ এমআরআই মেশিনে ব্যবহৃত হয়ে থাকে । ফলে সরবরাহ কমে গেলে চিকিৎসা সেবায় সরাসরি গুরুতর প্রভাব আসবে। এখন পর্যন্ত হিলিয়ামের কোনো বিকল্প নেই। জটিল রোগ ও উপসর্গ শনাক্ত করতে এখনও এমআরআই ও সিটি স্ক্যান কার্যকর পদ্ধতি। হিলিয়ামের অভাবে মারাত্মক প্রভাব পড়বে চিকিৎসা বিজ্ঞানে। লাখো রোগী পড়বেন বিপাকে।

কাতারের রাস লাফান, মেসাইদ শিল্পাঞ্চলে হামলার কারণে এলএনজি উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দেশটির রপ্তানি ক্ষমতা প্রায় ১৭ শতাংশ কমে গেছে। এর সরাসরি প্রভাব পড়েছে হিলিয়াম উৎপাদনেও। কাতার বলছে, তাদের তরল হিলিয়াম রপ্তানি বছরে প্রায় ১৪ শতাংশ কমতে পারে।

ফলে আগামী কয়েক বছর এই সংকট অব্যাহত থাকার শঙ্কা তৈরি হল। হিলিয়াম গ্যাস পরিবহণও জটিল প্রক্রিয়া। খুব হালকা হওয়ায় এটি তরল অবস্থায়ই সংরক্ষণ করতে হয়।

হিলিয়ামের সংকট সহসা কাটবেনা। যুদ্ধ বন্ধ বা সাময়িক স্থগিত হলেও সরবরাহ স্বাভাবিক থাকবে না। ফলে চিকিৎসা ও প্রযুক্তিখাতে ব্যয় বাড়বে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers