শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ , ২২ শাওয়াল ১৪৪৭

ফিচার

হরমুজ প্রণালি, ইরানের হাতে ট্রাম কার্ড

মাঈনুদ্দীন দুলাল মার্চ ৩১, ২০২৬, ১৭:৫৭:১১

211
  • সংগৃহীত

ইরান-আমেরিকা-ইসরায়েল যুদ্ধের ট্রাম কার্ড এখন ইরানের হাতে। এই কার্ডের নাম হরমুজ প্রণালি। যার দখল এখনো ইরানের হাতে। এই গুরুত্বপূর্ণ সরু জলপথ দিয়ে এশিয়া, ইউরোপ ও দক্ষিণ আমেরিকায় ২০ থেকে ২৫ শতাংশ অপরিশোধিত  তেল পরিবাহিত হয়। এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকার কারণে ক্রমাগত ঊর্ধমুখী জ্বালানি তেল ও গ্যাসের দাম। যার প্রভাব এরই মধ্যে বিশ্ব অর্থনীতিতে পড়তে শুরু করেছে।

এই সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ১১৬ ডলার ছাড়িয়েছে এবং যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম গ্যালনপ্রতি প্রায় ৪ ডলারে পৌঁছেছে। যা ২০২২ সালের পর সর্বোচ্চ । যুদ্ধের কারণে সরবরাহ বিঘ্নিত হওয়ায় ব্রেন্ট ক্রুডের দাম ৫৫%'র বেশি বেড়ে ১১২ ডলারের উপরে এবং মার্কিন অপরিশোধিত তেল ৪৯% বেড়ে ৯৯ ডলার ছাড়িয়েছে। সর্বশেষ আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৬ ডলারের উপরে লেনদেন হচ্ছে।

হরমুজ প্রণালি কেন গুরুত্বপূর্ণ: এটি  বিশ্বের সবচেয়ে কৌশলগত সামুদ্রিক পথ। কারণ এটি পারস্য উপসাগর থেকে তেল ও গ্যাস বাইরে নিয়ে যাওয়ার একমাত্র পথ। প্রতিদিন বিশ্বের চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ তেল এবং বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস এই সরু পথ দিয়ে পরিবাহিত হয়। যাকে বলা হয় বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতির চাবিকাঠি।

সৌদি আরব, কুয়েত, কাতার, ইরাক এবং ইরানের মতো প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর খনিজ তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়েই এশিয়া, ইউরোপ ও দক্ষিণ আমেরিকায় পরিবাহিত হয়।

পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝে হরমুজ অবস্থিত। যা ভারত মহাসাগরের সাথে সংযুক্ত।

ইরান এই প্রণালির উত্তর অংশে অবস্থিত হওয়ায়, ভৌগোলিক-রাজনৈতিক কারণেও এটি সবসময় সংবাদের শিরোনামে থাকে।

হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে মরিয়া প্রেসিডেন্ট ট্রাম্প। ইউরোপও ধুঁকছে। আমেরিকা এই জলপথের নিয়ন্ত্রণে তার অত্যাধুনিক দুটি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে। তবে ইরানের মিসাইল হামলায় তারা নিরাপদে সরে গেছে। ট্রাম্প ন্যাটোকে এই জলপথ সচল করতে যুদ্ধে টেনে আনতে চাইলেও কোনো সাড়া পাচ্ছেন না। এই অচলাবস্থা যদি দীর্ঘায়িত হয় তবে বিশ্ব এক ভয়াবহ অর্থনৈতিক মন্দায় পড়বে। এরই মধ্যে মন্দার অশনি সংকেত শোনা যাচ্ছে।

লেখক: সাংবাদিক

বি.দ্র.- (এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। নিউজজি২৪ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers