শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ , ৫ জুমাদিউল আউয়াল ১৪৪৮

ফিচার

ওস্তাদ বাহাদুর হোসেন খানের মৃত্যুবার্ষিকী আজ

নিউজজি ডেস্ক অক্টোবর ৩, ২০২৫, ১৩:৩০:২১

305
  • ওস্তাদ বাহাদুর হোসেন খানের মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা: উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের এক উজ্জ্বল তারকার নাম ওস্তাদ বাহাদুর হোসেন খান। একাধারে তিনি উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সুরকার ও সরোদ বাদক। এই উপমহাদেশের অন্যতম স্বনামখ্যাত সঙ্গীত পরিবারে তার জন্ম। পিতা প্রখ্যাত সঙ্গীতজ্ঞ আয়েত আলী খাঁ এবং চাচা আলাউদ্দিন খাঁ।

১৯৩১ সালের ১৯ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে  প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী আয়েত আলী খাঁ  ও উমর উন-নেসার ঘর আলো করে জন্ম লাভ করেন বাহাদুর হোসেন খান। তার চাচা ওস্তাদ আলাউদ্দিন খাঁ উপমহাদেশের অন্যতম একজন কীর্তিমান সঙ্গীতজ্ঞ।

ছয় ভাইবোনের মধ্যে বাহাদুর পঞ্চম। তার বড় তিন বোন আম্বিয়া, কোহিনূর, ও রাজিয়া এবং বড় ভাই প্রখ্যাত সঙ্গীতজ্ঞ আবেদ হোসেন খান ও ছোট ভাই সঙ্গীত গবেষক ও লেখক মোবারক হোসেন খান। পরিবারের ঐতিহ্য অনুযায়ী শৈশব থেকে সঙ্গীত সাধনায় মগ্ন হন।

পিতার হাতেই প্রথম বাহাদুর হোসেন খানের সরোদে হাতেখড়ি হয়। পরে সঙ্গীতে উচ্চশিক্ষার জন্য পিতা আয়েত আলী খাঁ  তাকে মাইহারে নিয়ে যান। সেখানে তিনি তার চাচা আলাউদ্দিন খাঁর নিকট দীর্ঘ ২০ বছর সরোদের তালিম গ্রহণ করেন। ১৯৪৯ সালে তিনি বাংলাদেশ বেতারের শিল্পী হিসেবে যোগ দেন। সেখানে দুই বছর থাকার পর ১৯৫১ সালে বম্বে চলে যান। সেখানে তিনি নৃত্যশিল্পী শান্তি বর্মণের ‘লিটল ব্যালে ট্রুপ’ -এর সঙ্গীত পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।

বাহাদুরের কয়েকটি লংপ্লেসহ অন্যান্য রেকর্ড প্রকাশিত হয়েছে। ১৯৬০ সালে ঋত্বিক ঘটক পরিচালিত মেঘে ঢাকা তারা চলচ্চিত্রে তিনি জ্যোতিরিন্দ্র মিত্রের সহকারী সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করেন। ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত সুবর্ণ রেখা দিয়ে চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা শুরু করেন।

পরবর্তীতে তিনি নতুন পাতা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার জন্য তিনি বিশেষ সম্মান লাভ করেন। এছাড়া, সুর ও সঙ্গীত পরিচালনায় উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল—ত্রিসন্ধ্যায়, যেখানে দাঁড়িয়ে, শ্বেত ময়ূর, তিতাস একটি নদীর নাম (১৯৭৩), গার্ম হাওয়া (১৯৭৪), যুক্তি তক্কো আর গপ্পো (১৯৭৪), অমাবস কি চান্দ (১৯৭৯)।

ওস্তাদ বাহাদুর হোসেন খান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ও যামিনী রায়ের ওপর নির্মিত প্রামাণ্য চিত্রের আবহ সঙ্গীত পরিচালনা করেন। বাহাদুর হোসেন কয়েক বছর কলকাতা ও ক্যালিফোর্নিয়ায় আলী আকবর কলেজ অব মিউজিকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত বিষয়ে অধ্যাপনা করেছেন।

১৯৮৯ সালের ৩ অক্টোবর মাত্র ৫৮ বছর বয়সে তিনি পরলোকে গমন করেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers