শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ , ৩ জুমাদাউস সানি ১৪৪৮

বিনোদন

ঢাকাই সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি

নিউজজি ডেস্ক  নভেম্বর ৪, ২০২৬, ১৬:৫৪:০০

108
  • ছবি : সংগৃহীত

ঢাকা: বলিউডের বহু সিনেমায় অমিতাভ বচ্চন, সালমান খান ও আমির খানের মতো তারকাদের বিপরীতে খলনায়কের ভূমিকায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন মুকেশ ঋষি। গম্ভীর কণ্ঠ, সুঠাম দেহের গড়ন আর ভয়ংকর সব নেতিবাচক চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিন দশকেরও বেশি সময় ধরে দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেতা।

এবার তাঁকে দেখা যাবে ঢাকাই সিনেমায়। প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের এই খলনায়ক।

মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘নসিব’ সিনেমায় প্রধান খলনায়কের চরিত্রে অভিনয় করবেন মুকেশ ঋষি। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক নিজেই।

মোহাম্মদ ইকবাল জানান, তাঁর নতুন সিনেমা ‘নসিব’-এ নেতিবাচক চরিত্রে দেখা যাবে মুকেশ ঋষিকে। ছবিটির শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই বাংলাদেশে আসার কথা রয়েছে তাঁর। এ সময় সিনেমার গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাকশন দৃশ্যের শুটিং করবেন বলিউডের এই অভিনেতা।

পরিচালক জানান, ‘নসিব’ সিনেমার প্রথম লটের শুটিং ইতিমধ্যে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে। এবার দ্বিতীয় লটের কাজ শুরু করতে যাচ্ছে টিম। এ প্রসঙ্গে মোহাম্মদ ইকবাল বলেন, ‘আমরা এখন নসিব সিনেমার দ্বিতীয় লটের শুটিংয়ের জন্য বগুড়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। সেখানে আগামী ৯ তারিখ থেকে মূল শুটিংয়ের কাজ শুরু হতে যাচ্ছে। আর এই সিনেমার শুটিং করতেই চলতি মাসে বাংলাদেশে আসছেন মুকেশ ঋষি।’

মুকেশ ঋষি বলিউডে খলনায়ক হিসেবে বিশেষ পরিচিতি পেলেও তার অভিনয়জীবনের বিস্তৃতি শুধু হিন্দি সিনেমায় সীমাবদ্ধ নয়। বলিউডের পাশাপাশি তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। ১৯৯০-এর দশক থেকে বিভিন্ন ভাষার চলচ্চিত্রে দাপটের সঙ্গে কাজ করছেন এই অভিনেতা।

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, ‘লাল বাদশাহ’ ও ‘কোহরাম’ সিনেমায় অভিনয় করেছেন মুকেশ। অন্যদিকে সালমান খানের সঙ্গে তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ ও ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’।

এ ছাড়া আমির খানের ‘সারফারোশ’ সিনেমায় ইন্সপেক্টর সেলিম চরিত্রে অভিনয় করে প্রশংসা পান তিনি। ‘গুন্ডা’ সিনেমায় বুল্লা চরিত্রটিও তাকে দর্শকের কাছে বিশেষভাবে পরিচিত করে তোলে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers