শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ , ৩ জুমাদাউস সানি ১৪৪৮

বিনোদন

শাকিবের নতুন নায়িকা পাকিস্তানের কিনজা হাশমি!

নিউজজি ডেস্ক  নভেম্বর ৪, ২০২৬, ১২:৪৭:০৬

177
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’ নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে ছবিটিতে তাঁর বিপরীতে কোন অভিনেত্রীকে দেখা যাবে, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা জল্পনা। শুরুতে হানিয়া আমির, সজল আলি ও ইয়ামনা জায়েদীর নাম আলোচনায় এলেও এবার নতুন করে উঠে এসেছে পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমির নাম। শোনা যাচ্ছে, ‘মহব্বত’ সিনেমায় শাকিবের নায়িকা হতে যাচ্ছেন তিনি।

সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ইতোমধ্যে কিনজা হাশমির সঙ্গে চুক্তির প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। তবে পরিচালক হিমেল আশরাফ কিংবা প্রযোজক আরশাদ আদনান এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। ফলে সিনেমাটিতে শাকিবের বিপরীতে শেষ পর্যন্ত কাকে দেখা যাবে, তা নিয়ে কৌতূহল রয়েই গেছে।

পাকিস্তানের বিনোদনজগতে বেশ পরিচিত নাম কিনজা হাশমি। ২০১৪ সালে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি। টেলিভিশন নাটকে অভিনয় করেই জনপ্রিয়তা পান এই অভিনেত্রী। বিশেষ করে ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয়ের পর ব্যাপক পরিচিতি অর্জন করেন। পরবর্তী সময়ে ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’সহ বেশ কয়েকটি আলোচিত নাটকে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া ‘রূপোশ’ নামে একটি প্রশংসিত টেলিছবিতেও দেখা গেছে তাঁকে।

শুধু ছোট পর্দায় নয়, চলচ্চিত্র ও মডেলিংয়েও কাজ করেছেন কিনজা। তাঁর অভিনীত চলচ্চিত্রের তালিকায় রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’। এবার শাকিব খানের বিপরীতে অভিনয়ের খবর সত্যি হলে বাংলাদেশের চলচ্চিত্রে নতুন অধ্যায় শুরু হবে এই পাকিস্তানি অভিনেত্রীর।

এদিকে ‘মহব্বত’-এর নায়িকা নির্বাচন নিয়ে শুরু থেকেই গোপনীয়তা বজায় রেখেছে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। সিনেমাটির প্রথম পোস্টারেও রাখা হয়েছে চমক। সেখানে শাকিবের পাশে লাল ওড়না ও সাদা সালোয়ার-কামিজ পরা এক নারীর উপস্থিতি দেখা গেলেও আড়াল করা হয়েছে তাঁর মুখ। জানা গেছে, জমকালো আয়োজনের মাধ্যমে নায়িকাকে দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

শাকিব খানের সিনেমায় বিদেশি নায়িকা অবশ্য নতুন কিছু নয়। কলকাতার শ্রাবন্তী, শুভশ্রী, পাওলি দাম, স্বস্তিকা মুখার্জি, সায়ন্তিকা, ইধিকা পাল, মিমি চক্রবর্তী ও দর্শনা বণিকসহ একাধিক ভারতীয় অভিনেত্রী তাঁর বিপরীতে অভিনয় করেছেন। সেই তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী কোর্টনি কফিও।

বিশেষ করে পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে শাকিবের আগের দুটি সিনেমাতেও ছিলেন বিদেশি নায়িকা। ‘প্রিয়তমা’য় তাঁর সঙ্গে জুটি বাঁধেন কলকাতার ইধিকা পাল। সিনেমাটি মুক্তির পর বাংলাদেশের দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। অন্যদিকে ‘রাজকুমার’ সিনেমায় শাকিবের নায়িকা ছিলেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। এবার একই নির্মাতা-প্রযোজক জুটির নতুন সিনেমায় পাকিস্তানি অভিনেত্রীকে নেওয়ার খবর সেই ধারাবাহিকতায় নতুন মাত্রা যোগ করেছে।

১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন শাকিব খান। প্রথম সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন ইরিন জামান। এরপর দীর্ঘ ২৭ বছরের অভিনয়জীবনে দেশি-বিদেশি ৭০ জনেরও বেশি অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এখন পর্যন্ত অভিনীত ২৫৫টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি ৭২টি ছবিতে তাঁর সহশিল্পী ছিলেন অপু বিশ্বাস। সর্বশেষ মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা গেছে সাবিলা নূরকে।

প্রযোজনা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে ‘মহব্বত’ সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। সবকিছু নির্ধারিত সূচি অনুযায়ী এগোলে একই বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে শাকিব খানের নতুন এই সিনেমা।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers