শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ , ৩ জুমাদাউস সানি ১৪৪৮

বিনোদন

অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে: প্রসেনজিৎ

নিউজজি ডেস্ক  নভেম্বর ৪, ২০২৬, ১২:৩৫:৫২

116
  • ছবি : সংগৃহীত

ঢাকা: তিন দশকেরও বেশি সময় ধরে ওপার বাংলার চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। একসময় তার অভিনয় ও জনপ্রিয়তাকে ঘিরেই বাংলা সিনেমার বক্স অফিসে নতুন করে গতি ফিরেছিল। দর্শকদের ভালোবাসায় পেয়েছেন ‘ইন্ডাস্ট্রি’ খেতাবও।

পেশাগত জীবনের নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বললেও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই কিছুটা গোপনীয়তা বজায় রাখেন এই অভিনেতা। দীর্ঘদিন ধরেই প্রসেনজিৎ ও অর্পিতার সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে নানা আলোচনা ও গুঞ্জন ছড়িয়েছে। তবে সবকিছুর ঊর্ধ্বে থেকে একসঙ্গেই সংসারজীবন কাটাচ্ছেন তারা।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্পিতার সঙ্গে দাম্পত্য সম্পর্কের নানা দিক তুলে ধরেন প্রসেনজিৎ। এ সময় নিজের আগের দুই বিয়ের প্রসঙ্গও রসিকতার ছলে টেনে আনেন তিনি। একই সঙ্গে বর্তমান জীবনসঙ্গী অর্পিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেতা।

তার কথায়, ‘অর্পিতা চট্টোপাধ্যায়, মানে আমার স্ত্রী- ওকে সম্মান করি একটা জায়গায় যে, ও সহ্য করে এতদিন আমার সঙ্গে রয়ে গেছে। কারণ অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, ও এখনও যায়নি! ও আমাকে সহ্য করেছে। অর্পিতাকে আমি ভালোবাসি এবং ভীষণ সম্মান করি। আর ও খুব ভালো একজন অভিনেত্রীও বটে।’

প্রসেনজিতের ব্যক্তিগত জীবনে বিয়ে ও বিচ্ছেদের অধ্যায়ও রয়েছে। জীবনে তিনবার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তার প্রথম স্ত্রী অভিনেত্রী দেবশ্রী রায়। এরপর অপর্ণা গুহঠাকুরতার সঙ্গে সংসার শুরু করেন। তবে প্রথম দুই দাম্পত্য সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি। পরে ২০০২ সালে অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়কে বিয়ে করেন প্রসেনজিৎ। সেই থেকে দুই দশকের বেশি সময় ধরে একসঙ্গে রয়েছেন তারা। তাদের সংসারে রয়েছে ছেলে মিশুক।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers