রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

ঈরা'র পদ্ম ২, কড়ানাড়ে ভাবনার অলিন্দে

মাঈনুদ্দীন দুলাল  আগস্ট ৮, ২০২৬, ১৮:০৮:১০

169
  • সংগৃহীত

টুকরো টুকরো অনুষঙ্গ, ঘটনা, পুরো জীবনের ভাবনা-দর্শন এবং জীবন-যাপনের এক ব্যতিক্রমী আখ্যান নাটক 'ঈরা'র পদ্ম ২'। ডিজিটাল প্লাটফর্মে আসার আগে নাটকটি নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে প্রযোজনা সংস্থা জি-সিরিজের স্বত্ত্বাধিকারী নাজমুল হক ভূঁইয়া খালেদ জানান নাটকের প্রধান চরিত্র পদ্ম সম্পর্কে।

তিনি বলেন, 'ভারতবর্ষের প্রধানতম দর্শন বাউল ভাবনা। আবহমানকাল ধরে বাউল স্বভাবের মানবিকতা, মানবধর্ম চর্চা ও ব্যক্তি স্বাতন্ত্র বোধ এই মাটিতে বহমান।'

তার বক্তব্যকে সমর্থন করে আমরা দেখি আমাদের সাহিত্যের উল্লেখযোগ্য চরিত্রগুলো যেমন বিভূতিভূষন বন্দোপাধ্যায়ের পথের পাঁচালির অপু, শরৎচন্দ্রের শ্রীকান্ত, ইন্দ্রনাথ,রবীন্দ্রনাথের পোস্টমাস্টার, হুমায়ূন আহমদের হিমু বাউলিপনা, স্বাধীন ও নিজস্ব জীবন যাপনের প্রতীক। এইসব চরিত্র পাঠকের মনে দীর্ঘস্থায়ী দাগ রেখে গেছে। ঈরা'র পদ্ম নাটকের পদ্ম চরিত্রটিকে ঘিরে এসেছে ঈরা। যে প্রেম বা আবেগের সুতোয় পদ্মকে বুনতে চায়। কিন্তু সে যেন জানে চাঁদের আলোকে দেখা যায়, অনুভব করা যায়। কিন্তু তাকে আঁচলের খুটে বাঁধা যায় না। পদ্মকে ঘিরে ছোট ছোট কিন্তু মজার কিছু চরিত্র দর্শকদের আনন্দ দেয়। তৈরি করে কিছু মানবিক মূল্যবোধ।

সামান্য কারণে থানায় যেতে হয় পদ্মকে। এর আগেও একবার যাওয়ার কারণে ওসি সাহেব মনে রাখেন পদ্মকে। পদ্মের স্বভাবই এমন সে সকলকে টোকা দিতে পারে। তাকে মনে রাখতে হয়। ওসি সাহেব জানেন পদ্ম নিরাপদ এক নাগরিক, একটু আলাদা। চিন্তক ও বাউলিপনা স্বভাবের। ওসি সাহেব পদ্মের পছন্দের খাবার দিয়ে আপ্যায়ন করেন। ছোট সিকোয়েন্স। ছোট ছোট সংলাপ। কিন্তু ভাবনায় গাঁথে। এমন মানবিক ওসিতো আমাদের প্রত্যাশা। পদ্মের আর একজন পরিচিত মানুষ সমাজের ব্রাত্যজনদের জন্যে কিছু কাজ করেন। যেমন ফুটপাতে যারা রাত্রি যাপন করেন তাদের হাতে মশারী তুলে দেন। আবার শ্রমজীবী মানুষের পুষ্টির জন্যে বোতলে মাঝে মাঝে দুধ সরবরাহ করেন। এসবও খামখেয়ালিপনা। সমাজ পরিবর্তনে বড় ভুমিকা নয়। তবুও আমাদের নজরে আনে সুবিধা বঞ্চিত মানুষকে।

পদ্ম এক কিশোরের গানে মুগ্ধ। যে কিনা তার বাবাসহ পথে পথে গান গায়। কিশোরের বাবার চেষ্টা সন্তানের ফুসফুসের কর্কট রোগের চিকিৎসার অর্থ সংগ্রহ। পদ্ম কিশোরকে ডাক্তারের কাছে নিয়ে যায়।

ডাক্তার জানান প্রাথমিক পর্বে রোগটির চিকিৎসায় ৫ থেকে ৭ লাখ টাকা লাগতে পারে। বাউন্ডুলে পদ্ম শরণাপন্ন হয় ধনী পরিবারের সদস্য ঈরা'র। ঈরা তার বাবাকে বলে অর্থ সংস্থানে রাজিও হয়। শর্ত কিশোর গায়কের গান পদ্মের সাথে বসে শুনবে। কিন্তু পদ্মকে কি কোন প্রচলিত আবেগে বশ করা যাবে? পদ্ম সকল আবেগ বুকের অতল দীঘিতে লুকিয়ে বাউলা বাতাসে উড়তে থাকা এক রঙিন ফুল।

স্যামুয়েল হকের কাহিনী ও চিত্রনাট্যে নাটকটির চিত্রায়ন, কসটিউম, অভিনয় ও আবহ সঙ্গীত দৃষ্টি ও ভাবনাকে প্রশান্তি দেয়। চিত্রনাট্য, সংলাপ ও নির্মাতা পথিক সাধনের দক্ষতা উপভোগ্য করেছে সিক্যুয়ালটি।

পদ্ম ও ঈরা চরিত্রে এসময়ের প্রিয় অভিনেতা যথাক্রমে খায়রুল বাসার, সাদনিমা বিনতে নোমান চরিত্রের প্রয়োজন খুব সাবলীল ভাবে মিটিয়েছেন। অন্যান্য অভিনেতা ফারুক আহমেদ, কচি খন্দকার, ডা. মুকুলের অভিনয় অনবদ্য।

গত ৬ অগাস্ট জি- সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ঈরা'র পদ্ম ২ নাটকটি। নাটকটি এরই মধ্যে পেয়েছে বিপুল দর্শক সাড়া। চিন্তক ও মূলধারার নাট্য প্রেমীদের পছন্দের তালিকায় জায়গা করে নেবে নাটকটি।

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers