রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

ক্যাবল কারে ভয় পেলেন অপু বিশ্বাস

নিউজজি ডেস্ক  আগস্ট ৮, ২০২৬, ১৫:১০:০০

107
  • সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। বর্তমানে তিনি নেপালে নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। শুটিংয়ের ফাঁকে বৃহস্পতিবার (৬ আগস্ট) ফেসবুক লাইভে এসে ভক্তদের সাথে কথা বলেছেন তিনি। এ সময় নিজের ব্যক্তিজীবন, সন্তান, সিনেমা, ব্যবসা ও সমালোচনা নিয়ে কথা বলার পাশাপাশি নেপালের পাহাড়ি এলাকায় ক্যাবল কারে চড়ার অভিজ্ঞতাও শেয়ার করেন অভিনেত্রী।

লাইভে অপু বিশ্বাস জানান, নেপালের পোখারার অন্নপূর্ণা এলাকায় ক্যাব্‌ল কারে চড়ার অভিজ্ঞতা তার কাছে বেশ ভয়ের ছিল। মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ক্যাবল কারে চড়লেও নেপালের এই অভিজ্ঞতা তার কাছে আরও বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে। লাইভের ক্যাপশনে তিনি লেখেন, ‘ভীষণ ভয় লাগছে।’ উচ্চতা নিয়ে ভীতু কিংবা হার্টের সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের এই ক্যাবল কারে না ওঠার পরামর্শও দেন অপু।

এদিকে লাইভে নিজের কাজের ব্যস্ততা কমে যাওয়ার কারণও জানান এই অভিনেত্রী। তিনি বলেন, তার ছেলে এখন বড় হচ্ছে। তাই ক্যারিয়ারের পাশাপাশি সন্তানের পড়াশোনা ও ভবিষ্যৎকেও গুরুত্ব দিচ্ছেন তিনি। টানা ২০ থেকে ২৫ দিনের শুটিংয়ে ব্যস্ত থাকলে সন্তানের পাশে থাকা কঠিন হয়ে পড়ে। এ কারণে বর্তমানে দীর্ঘ শুটিংয়ের পরিবর্তে ফটোশুট, ব্র্যান্ড প্রমোশন ও শোরুম উদ্বোধনের মতো স্বল্প সময়ের কাজ করছেন। এর পাশাপাশি নিজের বিউটি পার্লার ও অনলাইন পোশাকের ব্যবসাও দেখাশোনা করছেন অপু।

ব্র্যান্ড প্রমোশন ও ফটোশুটে নিয়মিত উপস্থিতি নিয়ে সমালোচনার বিষয়েও কথা বলেন তিনি। অপু বিশ্বাসের ভাষ্য, একজন মানুষ কোনো কাজ করলেই সেটিকে নেতিবাচকভাবে দেখা উচিৎ নয়। দুই দশকের বেশি সময় ধরে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি জানেন কীভাবে নিজেকে উপস্থাপন করতে হয়। তিনি আরও বলেন, একসময় যেসব কাজের জন্য তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল, এখন অনেক শিল্পীই একই ধরনের কাজ করছেন।

নতুন সিনেমা ‘শিকার’ নিয়েও আশাবাদী অপু। পরিচালক রোমানের নির্মাণে সিনেমাটিতে নতুন নায়ক পলাশের সঙ্গে অভিনয় করছেন তিনি। বাংলাদেশ, ভারত ও নেপালের শিল্পী-কলাকুশলীদের সমন্বয়ে বর্তমানে নেপালের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং চলছে।

লাইভে নিজের সন্তানকে ভীষণ মিস করছেন বলেও জানান অপু বিশ্বাস। ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তার ভক্তরাই তার মূল শক্তি। লাইভে যারা বেশি বেশি মন্তব্য করবেন, তাদের মধ্য থেকে কয়েকজনকে নিজের প্রতিষ্ঠান ‘সিগনেচার বিউটি পার্লার অ্যান্ড বুটিক’ থেকে বিশেষ সেবা ও পোশাক উপহার দেওয়ার ঘোষণাও দেন তিনি।

সবশেষে নতুন সিনেমা ‘শিকার’ এবং তার সন্তানের জন্য সবার কাছে দোয়া চান এই অভিনেত্রী। পাশাপাশি শিল্পীকে নিয়ে বিভক্ত না হয়ে ভালোবাসা ও সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers