রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

বোতল ছোড়ার বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখছেন হাসান

নিউজজি ডেস্ক  আগস্ট ৮, ২০২৬, ১২:১৪:৪৩

75
  • সংগৃহীত

ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক ওপেন কনসার্টে বোতল ছোড়ার ঘটনায় মাথায় আঘাত পেয়েছেন আর্ক ব্যান্ডের প্রধান ও জনপ্রিয় সংগীতশিল্পী হাসান। তবে বিষয়টি ক্ষমাসুন্দরভাবে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে হাসান জানান, দীর্ঘ সংগীতজীবনে মঞ্চে এমন পরিস্থিতির মুখোমুখি তাকে আগে কখনো হতে হয়নি। একই সঙ্গে ভবিষ্যতে দেশের কোনো শিল্পীকে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হতে না হয়, সেই প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।

হাসান লেখেন, ‘ঘটনাটি আমার কাছে খুবই অপ্রত্যাশিত। দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি কখনো হইনি। বহু বছর ধরে বাংলা ব্যান্ড সংগীত করছি। এই সময়ে বিচিত্র অনেক অভিজ্ঞতা হয়েছে। কিন্তু মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হতে পারে, এমনটা কখনো দেখিনি বা ভাবিনি।’

তবে ঘটনার জন্য কাউকে কঠোরভাবে দোষারোপ না করে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার কথা জানিয়ে তিনি বলেন, ‘তারপরও আমি বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই। আমি বিশ্বাস করতে চাই, যে এমনটি করেছে, সে হয়তো না বুঝেই করেছে।’

দেশের শিল্পীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে হাসান আরও বলেন, ‘আমার একটাই অনুরোধ, ভবিষ্যতে আমার দেশের কোনো শিল্পীই যেন এমন পরিস্থিতির মুখোমুখি না হন। কনসার্টে আসা মানুষের মনে রাখা উচিত, শিল্পীরা এই দেশের, শিল্পীরা সবার। তারা এ দেশের মানুষের জন্যই গান করেন। বিনিময়ে তারা শুধু মানুষের ভালোবাসা চান।’

শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার না করার আহ্বান জানিয়ে আর্ক ব্যান্ডের এই শিল্পী বলেন, ‘আমাদের দেশে অনেক সময় শিল্পীদের রাজনৈতিকভাবে বিবেচনা করা হয়, এটা ঠিক নয়। একজন শিল্পী পাঁচ বা দশ বছরের জন্য শিল্পী নন, তিনি আজীবনের জন্যই শিল্পী।’

তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক নানা আয়োজনে শিল্পীদের গান গাইতে হয়। তাই বলে কোনো শিল্পীকে কোনো রাজনৈতিক পরিচয়ে ফেলে বিচার করা উচিত নয়। শিল্পীরা মানুষকে ভালোবেসে গান শোনান উল্লেখ করে তাদের প্রাপ্য সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব বলেও মন্তব্য করেন হাসান।

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গান পরিবেশনের সময় জনপ্রিয় সংগীতশিল্পী হাসানের দিকে একটি বোতল ছুড়ে মারা হয়। বোতলটি তার মাথায় আঘাত করলেও তিনি পরিস্থিতি সামলে আবারও মঞ্চে ফিরে গান পরিবেশন করেন।

কনসার্টে উপস্থিত দর্শকদের ধারণ করা ঘটনার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর ঘটনাটি নিয়ে ব্যাপক ক্ষোভ ও সমালোচনা শুরু হয়। সংগীত ও অভিনয় অঙ্গনের অনেকেই এ ঘটনার প্রতিবাদ জানান। একই সঙ্গে কনসার্টের নিরাপত্তা ব্যবস্থা ও আয়োজকদের ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।

হাসানের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরেও ভক্ত ও সংগীতাঙ্গনের অনেকে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন। তরুণ সংগীতশিল্পী তাসরিফ খান মন্তব্য করে লেখেন, ‘আমরা এরকমই অশিক্ষিত এবং গন্ড মূর্খ। আমরা গুণীর কদর করতে জানি না ভাইয়া। ক্ষমা করবেন!’

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন সংগীত ও অভিনয় অঙ্গনের কয়েকজন তারকাও।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers