বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

মারা গেলেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

নিউজজি ডেস্ক  আগস্ট ৫, ২০২৬, ১২:২১:১০

89
  • সংগৃহীত

ঢাকা: পর্দায় তার উপস্থিতিই ছিল দর্শকদের মনে ভয় ও উত্তেজনা তৈরি করার মতো। শক্তিশালী খলনায়ক চরিত্রে অভিনয় করে তিনি যেমন জনপ্রিয়তা পেয়েছেন, তেমনি বাস্তব জীবনে মরণব্যাধির কাছে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে তাকে। না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় অভিনেতা প্রদীপ রাওয়াত, যিনি ‘গজনি’ সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয় করে উপমহাদেশজুড়ে পরিচিতি লাভ করেছিলেন।

মৃত্যুকালে প্রদীপ রাওয়াতের বয়স হয়েছিল ৭৪ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতার ব্যবস্থাপক সিদ্ধার্থ তিওয়ারি। তিনি জানান, দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন প্রদীপ। সম্প্রতি আবারও রোগটি ফিরে আসায় এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে মৃত্যুবরণ করেন এই অভিনেতা।

প্রদীপ রাওয়াতের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন ভারতের চলচ্চিত্র অঙ্গনের অনেকেই।

প্রদীপ রাওয়াতের জন্ম ১৯৫২ সালের ২১ জানুয়ারি ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে। অভিনয়জীবনের শুরু টেলিভিশনে। বি আর চোপড়ার কালজয়ী ধারাবাহিক ‘মহাভারত’-এ অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। এরপর আসেন বড় পর্দায়। সেখানেও নিজেকে প্রতিষ্ঠা করেন প্রভাবশালী অভিনেতা হিসেবে।

সিনেমায় প্রদীপের অভিষেক ১৯৮৫ সালে ‘অ্যাতবার’-এর মাধ্যমে। গত শতকের নব্বইয়ের দশকে ‘অগ্নিপথ’, ‘কয়লা’, ‘সরফরোশ’ ও ‘মেজর সাব’-এর মতো সিনেমায় তার অভিনয় বিশেষভাবে নজর কাড়ে। তবে ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লগান’ ছবিতে দেবা সিং সোধি চরিত্র এবং ২০০৮ সালে আমির খান অভিনীত ‘গজনি’তে নির্মম খলনায়ক ‘গজনি ধর্মাত্মা’ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি বিপুল জনপ্রিয়তা পান। তারও আগে ২০০৫ সালে সূর্য অভিনীত তামিল ‘গজনি’তেও একই চরিত্রে অভিনয় করে দক্ষিণ ভারতের দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পান তিনি।

চার দশকেরও বেশি সময়ের কর্মজীবনে হিন্দি, তেলেগু, তামিল, নেপালিসহ বিভিন্ন ভাষার শতাধিক চলচ্চিত্র ও টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন প্রদীপ রাওয়াত। পর্দায় তার বলিষ্ঠ উপস্থিতি, গভীর কণ্ঠস্বর এবং স্বতন্ত্র খলচরিত্রের অভিনয় তাকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম স্মরণীয় অভিনেতায় পরিণত করেছে।

বলিউডে প্রদীপ রাওয়াতকে সর্বশেষ দেখা গেছে গত বছরের ‘ছাবা’ সিনেমায়।

অভিনয়ের জন্য প্রদীপ রাওয়াত সেরা খলঅভিনেতার ফিল্মফেয়ার (তেলুগু) পুরস্কার পেয়েছেন ২০০৪ সালে। একই বছর পেয়েছেন নন্দী পুরস্কারও। তবে বলিউডে উল্লেখযোগ্য কোনো পুরস্কার জোটেনি তার ঝুলিতে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers