বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

জামিন পেলেন অভিনেতা যাহের আলভী

নিউজজি ডেস্ক  আগস্ট ৩, ২০২৬, ১৭:২২:০২

82
  • সংগৃহীত

ঢাকা: স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পেয়েছেন অভিনেতা যাহের আলভী (মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া)। রোববার (২ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।

এর আগে গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আলভী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরে ২১ জুন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ আবেদনের শুনানি শেষে ২৪ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে আফরা ইবনাত ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সে সময় তার স্বামী আলভী নেপালে শুটিংয়ে ছিলেন।

স্ত্রীর মৃত্যুর খবর জানিয়ে সামাজিক মাধ্যমে আলভী লিখেছিলেন, আজ দুপুরে মিরপুর ডিওএইচএসের বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি নেপালে শুটিংরত ছিলাম। খবরটি শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না, আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।

এ ঘটনায় ১ মার্চ আলভীকে প্রধান আসামি করে মামলা করেন ইকরার বাবা। মামলায় মেয়েকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ আনা হয়। একই মামলায় আলভীর মা এবং তিথি নামে এক নারীকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে বিয়ে করেন জাহের আলভী ও আফরা ইবনাত ইকরা। দীর্ঘ ১৪ বছর বিষয়টি গোপন থাকার পর ২০২৪ সালে তাদের বিয়ের তথ্য প্রকাশ্যে আসে। এ দম্পতির একটি পুত্রসন্তান রয়েছে।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers