সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

বিনোদন

সংগীতজীবনের দুই দশক পেরিয়ে মনির হোসেনের নতুন গান ‘নামাজ’

নিউজজি প্রতিবেদক  জুন ৩, ২০২৬, ১৮:২০:৩৯

381
  • সংগীতজীবনের দুই দশক পেরিয়ে মনির হোসেনের নতুন গান ‘নামাজ’

ঢাকা: বাংলা ব্যান্ড সংগীতের পরিচিত মুখ মনির হোসেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সংগীতাঙ্গনে সক্রিয় এই শিল্পী এবার শ্রোতাদের জন্য নিয়ে এসেছেন নতুন গান ‘নামাজ’। ঈদুল আজহা উপলক্ষ্যে প্রকাশিত গানটি ইতোমধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

সম্প্রতি BOOM Music ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে শান্ত রহমান ফিচারিং মনির হোসেনের এই নতুন গান। হার্ডরক ঘরানার গানটির কথা ও সুর করেছেন দূরবীন শাহ্, আর সংগীত পরিচালনা ও আয়োজন করেছেন শান্ত রহমান।

নতুন গান প্রসঙ্গে মনির হোসেন বলেন, “আমার সংগীত জীবনের পথচলা শুরু ২০০০ সাল থেকে। দীর্ঘ এই যাত্রায় বিভিন্ন ধরনের গান করার চেষ্টা করেছি। ‘নামাজ’ গানটি আমার কাছে বিশেষ একটি কাজ। আশা করি শ্রোতারা গানটির ভাবনা ও বার্তা ইতিবাচকভাবে গ্রহণ করবেন।”

সংগীতাঙ্গনের অনেকের কাছেই মনির হোসেন পরিচিত এক সময়ের জনপ্রিয় রক ব্যান্ড স্ট্রাইকিং-এর ভোকাল হিসেবে। নব্বইয়ের দশকের শেষভাগ ও দুই হাজারের দশকের শুরুতে ব্যান্ডটি তরুণদের মধ্যে বেশ পরিচিতি লাভ করে। ব্যান্ডটির একমাত্র একক অ্যালবাম সূর্য দিবস প্রকাশিত হয়েছিল জি-সিরিজ ব্যানারে।

ব্যান্ড স্ট্রাইকিংয়ের মাধ্যমে মনির হোসেন অংশ নিয়েছিলেন বেশ কয়েকটি জনপ্রিয় মিশ্র অ্যালবামেও। এর মধ্যে উল্লেখযোগ্য দিন বদল, লোকায়ত, স্বপ্নচূড়া ১, স্বপ্নচূড়া ২, হাতিয়ার, নিয়ন আলোয় স্বাগতম এবং প্রলয়। এছাড়া তিনি কাজ করেছেন রাডার ও রাডার–আজব মামা শিরোনামের প্রজেক্ট অ্যালবামেও।

ব্যান্ড সংগীতের পাশাপাশি একক শিল্পী হিসেবেও নিজের অবস্থান তৈরি করেছেন মনির হোসেন। তার প্রকাশিত ফোকধর্মী একক অ্যালবাম ‘আমায় ক্যানে স্বপ্ন দেখাইলি’ শ্রোতাদের মধ্যে প্রশংসিত হয়। সাম্প্রতিক বছরগুলোতেও তিনি নিয়মিত নতুন গান প্রকাশ করে যাচ্ছেন। গত বছর প্রকাশিত হয়েছিল তার সিঙ্গেল ট্র্যাক ‘নিশ্চুপ রাত’, যার কথা ও সুর করেছিলেন শান্ত রহমান।

সংগীতজীবনের দীর্ঘ অভিজ্ঞতা ও বৈচিত্র্যময় কাজের ধারাবাহিকতায় এবার ঈদ উপলক্ষ্যে প্রকাশিত ‘নামাজ’ গানটি নিয়ে আশাবাদী মনির হোসেন। তার বিশ্বাস, হার্ডরক সংগীতের আবহে আধ্যাত্মিক ভাবনার এই উপস্থাপনা শ্রোতাদের কাছে নতুন এক অভিজ্ঞতা হয়ে উঠবে।

দুই দশকের বেশি সময় ধরে সংগীতচর্চার মধ্য দিয়ে পথচলা এই শিল্পী ভবিষ্যতেও নতুন নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

নিউজজি/জেডএইচ/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers