রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ , ১৯ রমজান ১৪৪৭

বিনোদন

গানে গানে জি-সিরিজের ৪৩ বছর

নিউজজি প্রতিবেদক  মার্চ ৩, ২০২৬, ১৫:০১:৩৬

121
  • গানে গানে জি-সিরিজের ৪৩ বছর

বাংলা গানের স্বর্ণালি যুগ থেকে শুরু করে আজকের ডিজিটাল স্ট্রিমিংয়ের সময় একটি নাম ধারাবাহিকভাবে টিকে আছে। জি-সিরিজ। ৪৩ বছর পূর্ণ করে এবার ৪৪-এ পা রাখলো দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান।

১৯৮৩ সালে শিল্পানুরাগী নাজমুল হক ভূঁইয়া খালেদের হাত ধরে প্রতিষ্ঠিত হয় জি-সিরিজ। ক্যাসেটের যুগ, সিডি-ভিসিডির সময়, আর আজকের ইউটিউব ও ডিজিটাল প্ল্যাটফর্ম। প্রতিটি ধাপে প্রতিষ্ঠানটি নিজেদের খাপ খাইয়ে নিয়েছে সময়ের সঙ্গে। বাংলা গানের অসংখ্য জনপ্রিয় শিল্পীর আত্মপ্রকাশ ঘটেছে জি-সিরিজের মাধ্যমে। ৪৩ বছর পূর্তি উপলক্ষে জি-সিরিজ পরিবার আয়োজন করে বিশেষ অনুষ্ঠান।

প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া খালেদ বলেন, মিউজিক ইন্ডাস্ট্রি রেডিও, টিভি ও সিনেমা মিলিয়েই গড়ে উঠেছে। তবে ৪৩ বছরের পথচলায় অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। তিনি বলেন, শিল্পীদের স্বাবলম্বী করার মতো শক্ত ইন্ডাস্ট্রি এখনো গড়ে ওঠেনি।

জি-সিরিজ নামের পেছনেও রয়েছে বিশেষ ভাবনা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ শব্দের ইংরেজি প্রথম অক্ষর ‘G’ থেকে এসেছে এই নাম। এছাড়া ‘গায়া’, ‘গ্লোবাল’, ‘গ্রাউন্ড’ এই তিন ধারণার সমন্বয়ও রয়েছে এর দর্শনে।

শুধু অডিও অ্যালবাম নয় নাটক, টেলিফিল্ম, সিনেমা, ডকুমেন্টারি সব ক্ষেত্রেই কাজ করেছে জি-সিরিজ। ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় অঙ্গ প্রতিষ্ঠান ‘অগ্নিবীণা’। যার নামকরণ করা হয় বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতাগ্রন্থ অগ্নিবীণা থেকে। পরে যুক্ত হয় ‘জি-টেকনলজিস’, ‘রেডিও জি-বিডি ডটনেট’ এবং অনলাইন নিউজপোর্টাল ‘নিউজজি টোয়েন্টিফোর ডটকম’।

উল্লেখযোগ্য বিষয় জি-সিরিজ ও নিউজজি২৪ডটকমসহ সবগুলো অঙ্গ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী একই দিনে।

৪৩ বছরের পথচলা মানে শুধু একটি প্রতিষ্ঠানের সাফল্য নয়, এটি বাংলা সঙ্গীতের বিবর্তনের গল্প। ক্যাসেট থেকে ক্লাউড, জি-সিরিজ প্রমাণ করেছে সময় বদলায়, মাধ্যম বদলায়, কিন্তু সঙ্গীতের প্রতি ভালোবাসা বদলায় না।

জি-সিরিজ সঙ্গীতে বিশেষ অবদানের জন্য শিল্পীদের আজীবন সম্মাননা দিয়ে থাকে। এর আগে একুশে পদকপ্রাপ্ত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, প্রখ্যাত সুরকার ও বীর মুক্তিযোদ্ধা লাকী আখন্দ এবং  লোকসঙ্গীতশিল্পী ফরিদা পারভীনকে আজীবন সম্মাননা দেয়া হয়। এ সম্মাননা শুধু শিল্পীদের নয়, বাংলা সঙ্গীতের ইতিহাসকেও সম্মান জানানোর প্রতীক।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন