রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

শিক্ষা

রাবি ছাত্রীকে অর্থের বিনিময়ে কুপ্রস্তাব, যুবককে পুলিশে সোপর্দ

রাজশাহী প্রতিনিধি ৩ অক্টোবর , ২০২৬, ১৬:২১:৪৩

108
  • ছবি : সংগৃহীত

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে মুঠোফোনে অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়ার অভিযোগে খন্দকার সালমান হাসান মিম নামে এক যুবককে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তাকে মারধর করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (২ অক্টোবর) দিনগত রাতে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় শিক্ষার্থীরা তাকে আটক করেন। পরে শনিবার (৩ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে গেলে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে সালমানকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে শারীরিক অবস্থা পরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।

অভিযুক্ত সালমান টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী। অভিযোগকারী ছাত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী।

অভিযোগকারী ছাত্রী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ওই ছাত্রীর সাবেক এক রুমমেটের সাথে সালমানের প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্রে ওই ছাত্রীর সাথে সালমানের পরিচয় হয়। দুই দিন আগে তিনি রাজশাহীতে আসেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৪টার দিকে তিনি ওই ছাত্রীকে মুঠোফোনে কল করেন। পরিচয় জানতে চাইলে সালমান তাকে অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন বলে অভিযোগ করেন ওই ছাত্রী।

পরে বিষয়টি তিনি তার বন্ধু ও পরিচিতদের জানান। একপর্যায়ে সালমানকে ফোন করে কৌশলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে বলা হয়। তিনি ক্যাম্পাসে এলে ছাত্রীর সহপাঠীরা তাকে আটক করে।

প্রায় ৪ ঘণ্টা পর চন্দ্রিমা থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে সালমানকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তার সাথে থাকা মুঠোফোনটিও পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানা গেছে।

অভিযোগকারী ছাত্রী বলেন, আমাকে রাত সাড়ে ৪টায় কল করে শারীরিক সম্পর্কের প্রস্তাবের পাশাপাশি অর্থ দেয়ার প্রস্তাবও দেয়া হয়। পরে পরিচয় জানতে পারি, সালমান আমার সাবেক রুমমেটের প্রাক্তন প্রেমিক। এ ঘটনায় আমি মামলা করার আবেদন করব। আমি সুষ্ঠু বিচার চাই।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সালমান। তিনি বলেন, আমি এমন কোনো প্রস্তাব দিইনি। আমার মুঠোফোন থেকে অন্য কেউ কলটি করতে পারে। তার সাথে আমার পূর্বপরিচয় ছিল। সে কারণে আমি দেখা করতে চেয়েছিলাম।

চন্দ্রিমা থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ দায়ের করতে ভুক্তভোগীকে প্রক্টরিয়াল বডির সহায়তায় থানায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। অভিযুক্ত যুবককে শারীরিক অবস্থা যাচাইয়ের জন্য রামেক হাসপাতালে নেয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেয়া হবে।

এ বিষয়ে শনিবার বিকেলে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলামকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেনি ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers