বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিক্ষা

বহিরাগত ইস্যুতে উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল প্রতিনিধি ৫ আগস্ট , ২০২৬, ১৬:১২:৫০

112
  • বহিরাগত ইস্যুতে উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল: বহিরাগতদের নিয়ে কর্মসূচি পালনের অভিযোগকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় সংগঠনের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনার পর ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বুধবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ‘অদম্য জুলাই’ শীর্ষক একটি র‍্যালি বের করলে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, র‍্যালিতে বহিরাগতদের উপস্থিতি নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা আপত্তি জানালে প্রথমে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যার ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আশিক আহমেদ অভিযোগ করেন, ছাত্রশিবির বহিরাগতদের নিয়ে লাঠির সঙ্গে পতাকা বেঁধে ক্যাম্পাসে মিছিল বের করে। এ বিষয়ে আপত্তি জানিয়ে বহিরাগতদের ছাড়া কর্মসূচি পালনের অনুরোধ করলে শিবিরের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে ছাত্রদলের পাঁচ থেকে ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বাবু অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন। গ্রাউন্ড ফ্লোর থেকে ভিসি গেটের দিকে র‍্যালি নিয়ে যাওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে তাদের অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হন বলে তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটে। প্রক্টর পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সংঘর্ষ থামানো সম্ভব হয়নি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে সংঘর্ষের ঘটনায় উভয় সংগঠনই একে অপরকে দায়ী করেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বক্তব্য পাওয়া যায়নি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বেলাল হোসেন বলেন, ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers