বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ , ৫ জিলকদ ১৪৪৭

শিক্ষা

রাবিতে চার হল ও এক স্কুলের নামফলক ভেঙে নতুন নামকরণ

রাবি প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি , ২০২৫, ১৩:০৩:৫৯

121
  • ছবি : নিউজজি

রাবি: ছাত্র-জনতা উদ্দেশ্যে দেয়া শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৪টি আবাসিক হল ও শেখ রাসেল মডেল স্কুলের নামফলক ভেঙে নতুন নামকরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এই নামকরণ করেন।

এদিন রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্ত্বর থেকে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়ে রাত ১১টায় শেষ হয়। নামফলক ভাঙচুর করা হলগুলো হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল, নির্মানাধীন হল এ এইচ এম কামারুজ্জামান হল ও শেখ হাসিনা হল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধীন শেখ রাসেল মডেল স্কুল।

সরেজমিনে দেখা যায়, রাত ৯টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে অবস্থান নেয় এবং বিক্ষোভ মিছিল করে। পরে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে উপস্থিত হয়। এ সময় তারা হলটির নামফলক, উদ্ভোদনী ফলকসহ শেখ মুজিবের চিহ্ন সম্বলিত স্থাপনাগুলো ভেঙে দেয়। এ সময় তারা হলটির নতুন নাম 'বিজয় ২৪' রাখেন। রাত পৌনে ৯টার দিকে তারা নির্মানাধীন এ এইচ এম কামারুজ্জামান হলের নামফলক ভেঙে নতুন নাম দেয় 'শহিদ রায়হান হল'। পর্যায়ক্রমে শেখ হাসিনা হলের নাম ভাঙচুর করে ফাতেমা আল-ফিহরিয়া ও শেখ ফজিলাতুন্নেছা হলের নাম 'নবাব ফয়জুন্নেসা চৌধুরানী' এবং আন্দোলনের শেষে শেখ রাসেল মডেল স্কুলের নামফলকও ভাঙচুর করে 'রিয়াগোপ মডেল স্কুল' নামকরণ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

তবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের নামফলক ভেঙে নতুন নামকরণ করতে গেলে হলের আবাসিক শিক্ষার্থীরা এতে বাধা দেন। এসময় হলের ভিতর থেকে ইট, পাটকেল ছোড়ার খবর জানা যায়।

নামফলক ভেঙে নতুন নামকরণের বিষয়ে জানতে চাইলে আন্দোলনে অংশ নেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাবি সমন্বয়ক ফাহিম রেজা বলেন, আমার ভাইদের রক্তে রঞ্জিত রাজপথ শুকানোর আগেই খুনি হাসিনা পুনরুজ্জীবিত হওয়ার চেষ্টা চালাচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী শিক্ষার্থীরা খুনি হাসিনার সাংস্কৃতিক বিচরণ মুছে ফেলতেই এ কর্মসূচি পালন করলাম।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, আজকে যা যা হয়েছে তার সাথে প্রশাসনের কোন সম্পৃক্ততা নেই। প্রশাসন যদি কোন হলের নাম পরিবর্তন ও করে সেটা সিন্ডিকেট মিটিং এ পাশ হয়ে তারপর পরিবর্তন হবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers