মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

অর্থ ও বাণিজ্য

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

নিউজজি ডেস্ক ৮ জুলাই , ২০২৬, ১৮:০১:৪৮

131
  • বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার হয়েছে পরপরই আন্তর্জাতিক বাজারে সোনার দামে ধস দেখা গেছে। অন্যদিকে তেলের দাম হু হু করে বাড়ছে, যা নতুন করে মুদ্রাস্ফীতি এবং সুদের হার বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে।

বুধবার (৮ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৪টা ২৭ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৯ দশমিক ৯২ ডলারে নেমে আসে, যা গত ২ জুলাইয়ের পর সর্বনিম্ন। এ ছাড়া আগামী আগস্ট মাসে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ২ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৯ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে।

ট্রাম্পের যুদ্ধবিরতি বাতিলের ঘোষণার পর এক লাফে তেলের দাম ৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ইউবিএস-এর বিশ্লেষক জিওভানি স্তাউনুভো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘তেলের দামের এই আকস্মিক লাফ নতুন করে মুদ্রাস্ফীতি তীব্র হওয়ার আশঙ্কা তৈরি করেছে। এটি মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতিগত সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।’

সাধারণত স্বর্ণকে মুদ্রাস্ফীতিজনিত ক্ষতি মোকাবিলার হাতিয়ার হিসেবে বিবেচনা করা হয়। তবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানো হলে সুদবিহীন এই মূল্যবান ধাতুর ওপর চাপ সৃষ্টি হয়।

ট্রাডু ডট কমের সিনিয়র মার্কেট অ্যানালিস্ট নিকোস জাবোরাস বলেন, ‘ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি এবং ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির সম্ভাবনার কারণে এ বছর সোনা নিম্নমুখী হচ্ছে। ফলে আগামী সেশনগুলোতেও সোনার দাম চাপের মুখে থাকবে।’

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ২ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৫৮ দশমিক ৪৫ ডলারে নেমেছে। এ ছাড়া প্ল্যাটিনামের দাম ৪ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৫৭৪ দশমিক ০৩ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৪ দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ২১৪ দশমিক ৯৬ ডলারে দাঁড়িয়েছে।

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা 

এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়ছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers