মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

অর্থ ও বাণিজ্য

সুশাসন ও নারী নেতৃত্বে আইসিএবি’র বিশেষ আয়োজন

নিউজজি ডেস্ক ৯ জুন , ২০২৬, ২০:৩৫:২৫

156
  • ছবি: সংগৃহীত

ঢাকা: করপোরেট নেতৃত্বে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠায় নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’। দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর জেন্ডার ইনক্লুশন অ্যান্ড লিডারশিপ কমিটি (জিআইএলসি) আয়োজিত এ সম্মেলন সোমবার রাজধানীর র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে পেশাজীবী নারী, নীতিনির্ধারক, করপোরেট নেতৃবৃন্দ, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং দেশের শীর্ষস্থানীয় পেশাজীবী সংগঠনগুলোর প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, এমপি। বিশেষ অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী এবং জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে আইসিএবি কাউন্সিল সদস্য ও জিআইএলসি চেয়ারপারসন জেরীন মাহমুদ হোসেন এফসিএ বলেন, “অংশীদারিত্ব শক্তিশালী নেতৃত্ব গড়ে তোলে। অভিন্ন লক্ষ্য নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করলে ইতিবাচক পরিবর্তন ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়।”

প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে করপোরেট নেতৃত্ব ও পরিচালনা পর্ষদে নারীদের প্রতিনিধিত্ব আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

আইসিএবি’র প্রেসিডেন্ট এন কে এ মবিন এফসিএ এবং ভাইস প্রেসিডেন্ট সুরাইয়া জান্নাত এফসিএ তাদের বক্তব্যে নেতৃত্ব ও সুশাসনের বিভিন্ন পর্যায়ে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে এবং অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তুলতে আইসিএবি’র চলমান উদ্যোগের কথা তুলে ধরেন।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশের প্রথম নারী প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আখতার সানজিদা কাসেম এফসিএ, এফসিএমএ। তিনি আইসিএবি জেন্ডার ড্যাশবোর্ড এবং ‘উইমেন অন বোর্ডস’ জরিপের তথ্য উপস্থাপন করে নারী নেতৃত্বের ক্ষেত্রে অর্জিত অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জ তুলে ধরেন।

সম্মেলনে তিনটি গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। ‘প্রফেশনাল বডিজ ইউনাইটেড’ শীর্ষক আলোচনায় আইসিএবি, আইসিএমএবি, এসিসিএ, আইসিএসবি এবং আইআইএবি’র শীর্ষ নেতারা অংশ নেন। ‘উইমেন লিডিং ইন সার্ভিস অ্যান্ড প্র্যাকটিস’ শীর্ষক আলোচনায় ব্যাংকিং, বহুজাতিক প্রতিষ্ঠান ও পেশাগত সেবাখাতের সফল নারীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়া ‘উইমেন ইন বোর্ডরুমস’ শীর্ষক আলোচনায় আইএফসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি’র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ‘ইনস্পায়ার টু অ্যাসপায়ার’ শীর্ষক অনুপ্রেরণামূলক বক্তব্য দেন বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী এবং বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী নারী নিশাত মজুমদার।

এ সময় আইসিএবি অ্যাসেন্ড মেন্টরশিপ প্রোগ্রামের মেন্টর ও মেন্টিদের বিশেষ অবদানের স্বীকৃতিও প্রদান করা হয়।

সম্মেলনের টাইটেল স্পন্সর ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি। কৌশলগত অংশীদার হিসেবে ছিল এসিসিএ, আইসিএমএবি, আইসিএসবি এবং আইআইএবি। কারিগরী সহায়তা অংশীদার হিসেবে সহযোগিতা করে বিশ্বব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান আইএফসি।

সম্মেলনের শেষে অংশগ্রহণকারীরা করপোরেট নেতৃত্বে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠায় নারীদের ভূমিকা আরও শক্তিশালী করতে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজজি/জেডএইচ/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers