সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ১ জিলহজ ১৪৪৭

অর্থ ও বাণিজ্য

‘জ্বালানির মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার’

নিউজজি প্রতিবেদক ২১ এপ্রিল , ২০২৬, ১৮:৩১:২২

106
  • সংগৃহীত

ঢাকা: খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত সরকারকে নিতে হয়েছে বাধ্য হয়ে। মঙ্গলবার (২১ এপ্রিল) দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তার মতে, অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে এই সমন্বয় প্রয়োজন ছিল।

তিনি আরও বলেন, জ্বালানির মূল্য বৃদ্ধি হলেও খাদ্যদ্রব্যের দামে নেতিবাচক প্রভাব পড়বে না। তবে নিম্ন আয়ের মানুষের সহায়তায় সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচি চালু রয়েছে। এর মধ্যে টিসিবির কার্যক্রম, দুই ঈদে ট্রাক সেল এবং ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগ রয়েছে, যা ধীরে ধীরে আরও সম্প্রসারিত হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির মূল্য বাড়ার ফলে মূল্যস্ফীতি ঘটলেও সেটার অভিঘাত প্রান্তিক জনগোষ্ঠী যেন অনুভব না করে, সেজন্য প্রয়োজনে যথাযথ হস্তক্ষেপ করতে পিছপা হবে না সরকার।

মূল্যস্ফীতি নিয়ে চিন্তিত না হওয়ার আহ্বান জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, তদারকি জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। প্রয়োজন হলে তদারকি আরও বাড়ানো হবে।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি বেশি বিকশিত নয়। জল্পনার কারণে অনেক সময় ইনফ্লেশন হয়। তখন কোনো একটি পণ্য কেনার জন্য অস্থির হয়ে যায়। জল্পনার জন্য ক্রয় আচরণ যেন প্রভাবিত না হয় সেদিকে সচেতন থাকতে হবে।

আমদানি পরিস্থিতি এখন পর্যন্ত স্থিতিশীল আছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ একটু কম আছে, খোলা সয়াবিন পর্যাপ্ত আছে। খোলা সয়াবিন নির্ধারিত মূল্য থেকে একটু বেশি দামে বিক্রি হচ্ছে। এ বিষয়টি সরকার নজরে রেখেছে এবং যথাযথ পদক্ষেপ নেবে।

তিনি বলেন, জল্পনার কারণে যেন মূল্যস্ফীতি না ঘটে এবং বাজার যেন নেতিবাচকভাবে ভুল পথে পরিচালিত না হয়, সেদিকে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। বাজার স্থিতিশীল রাখতে সরকারও তার দায়িত্ব পালন করবে।

সিন্ডিকেট প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, এ সরকার গুটিকয়েক ব্যক্তির হাতে ১৮ কোটি মানুষকে জিম্মি হতে দেবে না, সেটি যে নিরিখেই হোক।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers