মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

অর্থ ও বাণিজ্য

চলতি অর্থবছরে দেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

নিউজজি ডেস্ক ১০ এপ্রিল , ২০২৬, ১৬:৩২:৫০

103
  • সংগৃহীত

ঢাকা: চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটি বলছে, সাধারণ নির্বাচনের পর রাজনৈতিক অনিশ্চয়তা কমে আসায় ভোগব্যয় ও বিনিয়োগের পুনরুদ্ধার ঘটছে, যা অর্থনীতিকে ইতিবাচক দিকে নিয়ে যাচ্ছে।

শুক্রবার (১০ এপ্রিল) প্রকাশিত এডিবির নিয়মিত প্রকাশনা ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক’ (এডিও)-এ বাংলাদেশের অর্থনীতির এই চিত্র তুলে ধরা হয়েছে।

এডিবির প্রতিবেদনে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে ৩.৫ শতাংশ প্রবৃদ্ধির পর চলতি অর্থবছরে তা ৪ শতাংশে উন্নীত হবে। আর আগামী ২০২৬-২৭ অর্থবছরে এটি আরও বেড়ে ৪.৭ শতাংশে পৌঁছাতে পারে। মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত কারণে সরবরাহ শৃঙ্খলে যে সাময়িক বিঘ্ন ঘটেছিল, তার প্রভাবও ধীরে ধীরে কমে আসবে বলে আশা করছে সংস্থাটি।

বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, ‘বাংলাদেশ বর্তমানে একটি কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মুখোমুখি, যা বৈশ্বিক অনিশ্চয়তা ও অভ্যন্তরীণ কাঠামোগত সীমাবদ্ধতা দ্বারা প্রভাবিত। তবে নতুন সরকারের সংস্কার কর্মসূচি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার ও বেসরকারি খাতের আস্থা পুনরুদ্ধারে একটি সময়োপযোগী সুযোগ তৈরি করেছে।’

অর্থনীতিতে প্রবৃদ্ধির আভাস থাকলেও সাধারণ মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে উচ্চ মূল্যস্ফীতি। এডিবির প্রাক্কলন অনুযায়ী, চলতি অর্থবছরে মূল্যস্ফীতি ৯ শতাংশের কাছাকাছি থাকতে পারে। বৈশ্বিক বাজারে জ্বালানির উচ্চমূল্য এবং সরবরাহ ব্যবস্থার সংকটের কারণে এই চাপ বজায় থাকবে। তবে আগামী অর্থবছরে এটি কিছুটা কমে ৮.৫ শতাংশে নামতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, আমদানি বৃদ্ধি এবং বাণিজ্য ঘাটতি বাড়ার ফলে চলতি হিসাবের ঘাটতি জিডিপির ০.৬ শতাংশে দাঁড়াতে পারে। তবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা থাকলেও প্রবাসী আয়ের প্রবাহ স্থিতিশীল থাকবে বলে মনে করছে এডিবি।

এডিবি আশা করছে, সরকারের নীতিনিগত সহায়তা এবং অনুকূল আবহাওয়া থাকলে কৃষি উৎপাদন স্বাভাবিক থাকবে। পাশাপাশি সামাজিক সুরক্ষা ব্যয় ও মানুষের ক্রয়ক্ষমতা বাড়লে সেবা খাতও ঘুরে দাঁড়াবে। তবে ভূ-রাজনৈতিক সংঘাত দীর্ঘস্থায়ী হলে তেল ও গ্যাসের দাম বাড়তে পারে, যা অর্থনৈতিক পুনরুদ্ধারের ক্ষেত্রে বড় ঝুঁকি হিসেবে কাজ করবে।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers