রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২১ জিলহজ ১৪৪৭

অর্থ ও বাণিজ্য

ডলারের মন্দায় বেড়েছে স্বর্ণের দাম

নিউজজি ডেস্ক ১০ নভেম্বর , ২০২৫, ১৪:২৯:৫২

347
  • ছবি : সংগৃহীত

ঢাকা: মার্কিন অর্থনীতিতে ক্রমশ দুর্বলতার ছাপ দেখা দিচ্ছে, যা বিশ্ব বাজারেও প্রভাব ফেলছে। বিনিয়োগকারীরা ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা বিবেচনা করে আবারও স্বর্ণে ঝুঁকেছেন। বার্তা সংস্থা রয়টার্স সোমবার (১০ নভেম্বর) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এই কারণে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

এছাড়া, ভারতের শীর্ষ পণ্য এক্সচেঞ্জ এমসিএক্স জানিয়েছে, স্বর্ণের দাম ১ শতাংশের বেশি এবং রুপোর দাম ২ শতাংশ পর্যন্ত বেড়েছে। এই উত্থানকে তারা বৈশ্বিক ইতিবাচক সংকেত এবং আগামী মাসে মার্কিন সুদের হার কমানোর সম্ভাবনার সঙ্গে যুক্ত করছে।

অক্টোবরে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর এ মাসের শুরুর দিকে তা কমছিল। তবে সাম্প্রতিক সময়ে মার্কিন অর্থনীতির দুর্বলতা নিয়ে উদ্বেগ বেড়েছে। একই সঙ্গে ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের আরও একটি সুদের হার কমানোর সম্ভাবনা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়িয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরির বাজার এবং ভোক্তা আস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। কারণ ফেডারেল সরকারের অচলাবস্থা রোববার ৪০ দিনে গিয়ে পৌঁছেছে। যা মার্কিন ইতিহাসে সবচেয়ে দীর্ঘ। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সরকার ও খুচরা বিক্রয় খাতে চাকরি হ্রাসের পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ব্যয় কমাতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি গ্রহণের ফলে ছাঁটাই বেড়েছে। নভেম্বরের শুরুতে মার্কিন ভোক্তা আস্থা প্রায় সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

সিএমই ফেডওয়াচ টুলের অনুসারে, মার্কিন চাকরির বাজারের অচলবস্থায় ব্যবসায়ীদের প্রায় ৬৭ শতাংশ জন বিশ্বাস করছেন, ডিসেম্বর মাসে ফেড সুদের হার কমাবে। মার্কিন সরকারের অচলাবস্থায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে আবারও সোনার দিকে ঝুঁকছেন। একই সঙ্গে ডলার সূচক দুর্বল হয়েছে, যা বাড়তি আগ্রহ তৈরি করেছে।

সোমবার মার্কিন স্থানীয় বাজারে সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ১.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০৫৩.৪০ ডলারে পৌঁছেছে। তবে এই প্রভাব বাংলাদেশে এখনও পড়েনি। গত ১ নভেম্বর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ১,৬৮০ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম প্রতি ভরি ২,০১,৭৭৬ টাকা নির্ধারণ করেছিল। সমন্বিত ওই দামে সোমবারও (১০ নভেম্বর) দেশে স্বর্ণ বিক্রি হয়েছে।

ভারতের বাজারে এই ধাক্কা বড় প্রভাব ফেলছে। এমসিএক্সের ডিসেম্বর ফিউচার মার্কেট অনুযায়ী, সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,২২,৭০০ রুপি পর্যন্ত পৌঁছাতে পারে।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers