মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

অর্থ ও বাণিজ্য

এডিবির প্রথম টেকসই ঋণ পেল এনভয় টেক্সটাইল

নিউজজি ডেস্ক ২ অক্টোবর , ২০২৫, ১৭:৫২:৩৪

172
  • ছবি: সংগৃহীত

ঢাকা: এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের এনভয় টেক্সটাইলস লিমিটেডের (এনভয়) সঙ্গে ৩ কোটি মার্কিন ডলারের একটি টেকসই ঋণচুক্তি সই করেছে। এটি ২০২২ সালে এনভয়ের টেক্সটাইল উৎপাদন প্রকল্পে এডিবির অর্থায়নের ধারাবাহিকতা। বৃহস্পতিবার (২ অক্টোবর) ঢাকায় এডিবির কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি বাংলাদেশে এডিবির প্রথম সাসটেইনেবিলিটি লিঙ্কড লোন বা টেকসই ঋণ। এ ধরনের ঋণ সুবিধা নির্ধারিত কর্মক্ষমতা সূচক ও টেকসই লক্ষ্যমাত্রার ভিত্তিতে মূল্যায়ন করা হয়। এনভয়ের ক্ষেত্রে এই লক্ষ্যগুলোতে রয়েছে— কারখানার ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস।

ঋণের অর্থে ময়মনসিংহের ভালুকার জামিরদিয়ায় এনভয়ের কারখানায় নতুন একটি সুতা উৎপাদন ইউনিট ডিজাইন ও নির্মাণ করা হবে। এই ইউনিট বছরে ৪,৫৫০ টন সুতা উৎপাদন করতে পারবে, যা মূলত এনভয়ের নিজস্ব ডেনিম কাপড় উৎপাদনে ব্যবহৃত হবে। পাশাপাশি কারখানায় ৩.৫ মেগাওয়াটপিক রুফটপ সৌর প্যানেল স্থাপন এবং স্বল্পমেয়াদি স্থানীয় কার্যকরী মূলধন পুনঃঅর্থায়নেও এ অর্থ ব্যবহার করা হবে।

নতুন ইউনিটটি হবে আধুনিক, স্বয়ংক্রিয় এবং অধিক জ্বালানি-সাশ্রয়ী।

বাংলাদেশে প্রথম টেকসই ঋণ কার্যক্রমের অংশ হিসেবে এনভয় টেক্সটাইলস লিমিটেডকে সহযোগিতা করতে পেরে সন্তোষ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তৈরি পোশাক খাতকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে, এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং বলেন, ‘‘তৈরি পোশাক শিল্প বাংলাদেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি জোগান দেয়, আর এনভয় এই খাতে শীর্ষস্থানীয় ডেনিম কাপড় প্রস্তুতকারক। এই অংশীদারিত্ব শুধু পরিবেশগত টেকসইতাকেই এগিয়ে নিচ্ছে না, বরং শিল্পের আধুনিকায়নেও নতুন মানদণ্ড স্থাপন করছে।’’

এ বিষয়ে এনভয় টেক্সটাইলসের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ বলেন, ‘‘এডিবির ধারাবাহিক সহযোগিতা আমাদের জন্য গর্বের বিষয়। এ অংশীদারিত্ব আমাদের টেকসই প্রবৃদ্ধি ও উদ্ভাবনের প্রতি প্রতিশ্রুতি আরও দৃঢ় করবে। নতুন এই টেকসই ঋণ উৎপাদন ক্ষমতা বাড়ানো, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং পরিবেশগত প্রভাব কমাতে সহায়ক হবে।’’

প্রসঙ্গত, এনভয় বাংলাদেশের অন্যতম শীর্ষ ডেনিম কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান, যার বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫ কোটি ৪০ লাখ গজ— যা দেশের মোট ডেনিম উৎপাদনের প্রায় ১০ শতাংশ। প্রতিষ্ঠানটির কারখানা বিশ্বের প্রথম প্লাটিনাম এলইইডি সার্টিফায়েড ডেনিম উৎপাদন কেন্দ্র হিসেবে মার্কিন গ্রিন বিল্ডিং কাউন্সিল কর্তৃক স্বীকৃত।

এদিকে, এডিবি নিজেকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও টেকসই উন্নয়নের অগ্রণী উন্নয়ন সহযোগী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সদস্য ও অংশীদারদের সঙ্গে কাজ করে এডিবি আধুনিক আর্থিক সরঞ্জাম ও কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে উন্নত জীবন, টেকসই অবকাঠামো এবং নিরাপদ ভবিষ্যৎ নির্মাণে কাজ করে যাচ্ছে।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers