বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৪ জিলহজ ১৪৪৭

অর্থ ও বাণিজ্য

সবজির বাজারে আগুন, কাঁচামরিচ ৩২০ টাকা

নিউজজি ডেস্ক ২ অক্টোবর , ২০২৫, ১৭:৪৪:৪৬

280
  • ছবি: সংগৃহীত

ঢাকা: টানা কয়েক দিনের বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দামে লেগেছে আগুন। বিশেষ করে আগাম শীতকালীন সবজির দাম বেড়েছে চোখে পড়ার মতো। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কাঁচামরিচে—যার কেজিপ্রতি দাম এক সপ্তাহে প্রায় ১০০ টাকা বেড়ে পৌঁছেছে ৩২০ টাকায়।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাজধানীর মুগদা, মানিকনগর, ধলপুর ও গোপীবাগ বাজার ঘুরে দেখা যায়, বেশিরভাগ সবজির দামই বেড়েছে কেজিতে ১০-২০ টাকা করে। শিমের দাম এক সপ্তাহে ১৫০ টাকা থেকে বেড়ে ২৪০ টাকায় উঠেছে।

বাজারে বর্তমানে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে কাঁচা পেঁপে (২০-২৫ টাকা/কেজি) এবং কচুর মুখি (৫০ টাকা/কেজি)। তবে অন্যান্য সবজির মধ্যে শসা, মিষ্টি কুমড়া ও ধুন্দল বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা কেজিতে।

আজকের বাজার দর অনুযায়ী: বরবটি: ১০০ টাকা/কেজি, করলা: ১০০ টাকা/কেজি, উস্তা: ১২০ টাকা/কেজি, পটল, চিচিঙ্গা, কাঁকরোল: ৮০ টাকা/কেজি, বেগুন (লম্বা): ১০০ টাকা/কেজি, বেগুন (গোল): ১৪০ টাকা/কেজি। 

সবজির বাজারে এমন লাগামহীন ঊর্ধ্বগতিতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার দাম কমে আসবে বলে আশা করছেন তারা।

এছাড়া প্রতি কেজি গাজর ১২০ টাকা, কঁচুর লতি প্রতি কেজি ৮০-১০০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, টমেটো প্রতি কেজি ১২০-১৪০ টাকা, লাউ প্রতি পিস (ছোট ও বড়) ৮০-১২০ টাকায় এবং জালি প্রতি পিস ৮০ টাকায় বিক্রি হচ্ছে। আজকের বাজারে কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে সর্বনিম্ন ২৮০ টাকা থেকে উপরে ৩২০ টাকা পর্যন্ত। এক সপ্তাহ আগেও কাঁচা মরিচের দাম ছিল ২০০ থেকে ২২০ টাকার মধ্যে। সপ্তাহের ব্যবধানে এই পণ্যটির দাম বেড়েছে প্রায় ১০০ টাকা।

মানিকনগর পুকুরপাড় বাজারের সবজি বিক্রেতা রমজান বলেন, ‘পাইকারি বাজারে কাঁচা মরিচের ব্যাপক সংকট তৈরি হয়েছে। বৃষ্টিতে চাষিদের ফলন নষ্ট হয়েছে। শুনেছি, ভারত থেকেও নাকি মরিচ আসা বন্ধ রয়েছে। তাই এই সংকট তৈরি হয়েছে। এক পাল্লা (৫ কেজি) এখন কিনতে হচ্ছে ১২০০ থেকে ১৩০০ টাকায়। এক সপ্তাহ আগেও ৮০০ থেকে ৯০০ টাকায় কিনে আনতে পারতাম।’

এদিকে রেগুলার সবজির পাশাপাশি শীতকালীন আগাম সবজির দামও বাজাবে বাড়তে দেখা গেছে। প্রায় একমাস আগে বাজারে নতুন আসা শিমের দাম সপ্তাহের ব্যবধানে ৭০-৮০ টাকা বেড়ে প্রতি কেজি ২৪০ টাকায় উঠেছে। গত সপ্তাহ এই সবজিটির দাম ১৬০-১৭০ টাকায় ছিল। আগাম ছোট সাইজের ফুলকপি ও পাতাকপি প্রতিপিস বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। গত সপ্তাহে যা ৬০-৭০ টাকায় পাওয়া যেত। আর মুলা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকায়। গত সপ্তাহে যা ৬০ টাকায় পাওয়া যেত। এছাড়া প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে।

সপ্তাহের ব্যবধানে বেড়েছে বিভিন্ন ধরনের শাকের দামও। পুঁইশাক প্রতি আঁটি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়, এবং কুমার শাকের আঁটি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। এছাড়া প্রতি আঁটি লালশাক ২৫-৩০ টাকায়, কলমি শাক ২০ টাকা, পালংশাক ৪০ টাকা, পাটশাক ৩০ টাকায়, কচুশাক ৩০ টাকা, মুলা শাক ২৫ টাকা এবং ডাঁটা শাক প্রতি আঁটি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মুগদা বাজারে ভ্যান গাড়িতে শাকের ব্যবসায়ী আজাদ বলেন, ‘গত সপ্তাহে যে শাক ৩ হাজার টাকায় কিনতে পারতাম। এখন তা ৫ হাজার টাকায় কিনতে হচ্ছে। চাষিদের জমিতে বৃষ্টির পানি জমে শাক নষ্ট হয়ে গেছে। পাইকারি বাজারে শাক পাওয়া যাচ্ছে না। আগে গাড়িতে উঁচু উঁচু করে শাক কিনে আনতাম, দুদিন ধরে অল্প করে আনতেছি। দাম বেশি হওয়ায় অনেকেই শাক না নিয়ে চলে যায়।’

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers