রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩ , ৪ জুমাদাউস সানি ১৪৪৮

শিল্প-সংস্কৃতি

মারা গেলেন বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরী

নিউজজি ডেস্ক ২৫ অক্টোবর, ২০২৬, ১৩:৫৫:১৮

206
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী আর নেই। রোববার (২৫ অক্টোবর) সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে রক্তের ক্যানসারে আক্রান্ত ছিলেন এই শিল্পী। এ সময় তার চিকিৎসা চলছিল এবং গত ১৪ মাসে তাকে কয়েক দফায় কেমোথেরাপি দেওয়া হয়। সম্প্রতি মূত্রনালির সংক্রমণে আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক তুফান কান্তি দোলাইয়ের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।

যোগেন চৌধুরীর মৃত্যুতে ভারতের শিল্পাঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করছেন শিল্প ও সংস্কৃতিজগতের সংশ্লিষ্টরা।

স্বতন্ত্র রেখায় আলাদা পরিচয়: ছবিতে অভিনব রেখার ব্যবহার এবং মানুষের শরীরের বিভিন্ন ভঙ্গি ফুটিয়ে তোলার অসাধারণ দক্ষতার জন্য বিশেষ পরিচিত ছিলেন যোগেন চৌধুরী। তার আঁকার ধরন ছিল স্বতন্ত্র। রেখার টান ও আড়াআড়ি দাগের মাধ্যমও মানুষের শরীরের গঠন, আবেগ এবং মনের নানা অনুভূতি ফুটিয়ে তুলতেন তিনি। ভারতীয় আধুনিক চিত্রকলায় নিজের স্বতন্ত্র শৈলীর মাধ্যমে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছিলেন এই শিল্পী।

তবে চিত্রকলার জগতেই তার অবদান সীমাবদ্ধ ছিল না। শিল্পচর্চার পাশাপাশি প্রশাসনিক ও শিক্ষাক্ষেত্রেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। দিল্লির রাষ্ট্রপতি ভবনের সংগ্রহশালায় অবেক্ষক হিসেবে কাজ করেছেন। পরবর্তী সময়ে শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলাভবনে অধ্যাপক ও অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

শিল্পভাবনা, সমাজ, পরিবেশ, শিল্পকলা শিক্ষা ও সংস্কৃতি নিয়ে বিভিন্ন সময়ে প্রবন্ধ লিখেছেন যোগেন চৌধুরী। তার লেখা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, পাশাপাশি প্রকাশিত হয়েছে গ্রন্থও। সাহিত্যচর্চার অংশ হিসেবে কবিতাও লিখেছেন তিনি।

দেয়ালে ছবি এঁকেই শিল্পচর্চার শুরু: কলকাতায় পরিবারের সঙ্গে শুরুর দিনগুলোতে কাকার বাসভবনের দেয়ালে ছবি আঁকার মধ্য দিয়ে যোগেন চৌধুরীর শিল্পচর্চার সূচনা হয় বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই শুরুর পথ পেরিয়ে তিনি হয়ে ওঠেন ভারতের আধুনিক চিত্রকলার পরিচিত ও স্বতন্ত্র এক নাম।

শিল্পী হিসেবে তার সৃষ্টিকর্মের পাশাপাশি শিক্ষক, লেখক ও শিল্পভাবুক হিসেবেও তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার প্রয়াণে ভারতীয় শিল্পজগৎ হারাল এক বিশিষ্ট স্রষ্টাকে।  সূত্র: দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers