রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিল্প-সংস্কৃতি

জয়নুল গ্যালারিতে চলছে সামিনা জামানের একক চিত্রকর্ম প্রদর্শনী

নিউজজি ডেস্ক ১২ অক্টোবর, ২০২৫, ১৮:০৪:২৩

471
  • জয়নুল গ্যালারিতে চলছে সামিনা জামানের একক চিত্রকর্ম প্রদর্শনী

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে চিত্রশিল্পী সামিনা জামানের একক চিত্রকর্ম প্রদর্শনী। ‘সময়ের চিত্রকাব্য’ শিরোনামের এই প্রদর্শনী চলবে ৯ অক্টোবর থেকে ১৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
 
এই প্রদর্শনীর মূল প্রতিপাদ্য-শিল্পকে আত্মপ্রকাশ ও অনুভবের ভাষা হিসেবে উপস্থাপন করা। সামিনা জামানের শিল্পচর্চা জুড়ে রয়েছে অনুভূতির গভীরতা, ইতিহাসের ছাপ, লোকজ সংস্কৃতির নিরব গল্প এবং সময়ের প্রতিফলন।
 
শিল্পী সামিনা জামান বলেন, শিল্প হচ্ছে এক ধরনের আত্মকথন-অন্তর্গত অনুভূতির প্রকাশ। প্রকৃতি, মানুষ ও সময়ের ভেতরে লুকিয়ে থাকা সৌন্দর্য আমাকে সবসময়ই আলোড়িত করে। আমি চেষ্টা করি ক্যানভাসে সেই অনুভূতিগুলোকে ধরতে, যা প্রায়শই শব্দে বলা যায় না।
 
তার চিত্রকর্মগুলোতে সময়, স্মৃতি, কল্পনা এবং প্রতীকের মধ্য দিয়ে ফুটে উঠেছে জীবনের এক নিঃশব্দ সংলাপ-যা শিল্পকে শুধুমাত্র দেখার বিষয় নয়, বরং অনুভবের একটি পরিসর হিসেবে প্রতিষ্ঠা করেছে।
 
‘সময়ের চিত্রকাব্য’ প্রদর্শনীতে সামিনা জামানের কিছু কাজ বাংলাদেশের মানচিত্রের মধ্যে প্রাচীন স্মৃতি, পৌরাণিক কাহিনি ও প্রতীককে নতুনভাবে উপস্থাপন করেছে। মাটির গায়ের রঙে আঁকা লোকজ দৃশ্যপটগুলো চিরন্তন জীবনের উপাখ্যানকে তুলে ধরেছে।
 
কিছু ছবির নিচে ফিল্ম রিলের মতো ধারাবাহিক প্রতীক সময়ের প্রবাহ এবং গল্প বলার ধারাবাহিকতাকে দৃশ্যমান করে তুলেছে।তিনি প্রতিটি খণ্ডচিত্র যেন একেকটি অধ্যায়, যা আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকার ও সামাজিক স্মৃতিকে বহন করে।
 
প্রদর্শনীর আরও কিছু চিত্রকর্মে দেখা যায় জলরঙের স্বচ্ছতা, বিমূর্ত রূপ ও প্রতীকের ব্যতিক্রমী ব্যবহার। পাখি, নদী, জলধারা ইত্যাদি উপাদান হয়ে উঠেছে মুক্তি, শক্তি ও আত্মার প্রতীক। শিল্পী চেষ্টা করেছেন নীরবতাকেও চিত্রের ভাষায় উচ্চারণ করতে।
 
সামিনা জামান বলেন, প্রতিটি কাজ দর্শককে শুধুই দৃশ্যমান রূপ দেখায় না, এটি অনুভব করতে শেখায়। আমি চাই দর্শক আমার ছবির মধ্য দিয়ে অতীত, বর্তমান ও ভবিষ্যতের মাঝে সংযোগ খুঁজে নিক।
 
এই একক প্রদর্শনীতে শিল্পী সামিনা জামান তার শিল্পকে দেখিয়েছেন একটি গভীর সংযোগের মাধ্যম হিসেবে। যেখানে আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গে রয়েছে সমাজ, সংস্কৃতি, ইতিহাস এবং মানবিক অনুভবের নিবিড় সম্পর্ক। 

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers