রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩ , ৪ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

সাভার-আশুলিয়া ও গাজীপুরে কারখানায় যোগ দিয়েছেন শ্রমিকরা

নিউজজি ডেস্ক ৫ নভেম্বর, ২০২৬, ০৯:৪৬:২৯

290
  • সাভার-আশুলিয়া ও গাজীপুরে কারখানায় যোগ দিয়েছেন শ্রমিকরা

ঢাকা: সাভার আশুলিয়ার ও গাজীপুরে শিল্পাঞ্চলে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে কর্মপরিবেশ। শ্রমিকেরাও নির্বিঘ্নে কাজে যোগ দিয়েছেন। শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ (ডিইপিজেড) শিল্পাঞ্চলের সব কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই শ্রমিকদের কেউ কারখানার নিজস্ব পরিবহনে, আবার কেউ পায়ে হেঁটে কর্মস্থলে যান। কারখানাগুলোর সামনে শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি রয়েছে।

এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। সাভারের হেমায়েতপুরসহ গুরুত্বপূর্ণ কারখানার সামনে বিজিবি সদস্যদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

পাশাপাশি বিজিবির বিশেষ দলের নিয়মিত টহল, পরিস্থিতি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে। শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাভার, ধামরাই ও আশুলিয়ার শিল্পাঞ্চলের সব এলাকায় সকাল থেকে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন।

অন্যদিকে, গাজীপুর শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন এসআরবি ও ৫ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক থাকার বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার সকাল থেকে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। কারখানা খুলে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।

এর আগে গত কয়েকদিন ধরেই মাসিক বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন চলছে। গাজীপুর, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ, মিরপুরসহ শিল্পাঞ্চল এলাকাগুলোতে সকাল থেকেই পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়িয়েছেন শ্রমিকরা।

তবে শ্রমিকদের বিক্ষোভের মধ্যে ১ নভেম্বর ৬ সদস্যের মজুরি বোর্ড গঠন করে সরকার। ডিসেম্বরেই নতুন মজুরি কাঠামো নির্ধারণে একমত হয়েছেন শ্রমিক-মালিক দুপক্ষই। বাস্তবায়ন হলে জানুয়ারিতেই বর্ধিত বেতন হাতে পাবেন তৈরি পোশাকখাতের শ্রমিকরা।

সবশেষ ২০২৩ সালে ডিসেম্বরে ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়।

নিউজজি/ এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers