শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ , ৩ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

১৬ লাখের বেশি নিবন্ধন ‘নতুন কুঁড়ি’তে, খুলনায় স্টেডিয়াম উন্নয়নের আশ্বাস

খুলনা প্রতিনিধি ৪ নভেম্বর, ২০২৬, ১৭:৩৬:১৯

106
  • ১৬ লাখের বেশি নিবন্ধন ‘নতুন কুঁড়ি’তে, খুলনায় স্টেডিয়াম উন্নয়নের আশ্বাস

খুলনা: খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার সুযোগ তৈরি এবং নতুন প্রজন্মের প্রতিভা বিকাশের লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসের দ্বিতীয় আসর। এবারের আসরে অংশ নিতে অনলাইনে নিবন্ধন করেছেন প্রায় ১৬ লাখ ২৩ হাজার প্রতিযোগী। প্রথম আসরে এ সংখ্যা ছিল মাত্র ১ লাখ ৬৮ হাজার। নতুন এই আয়োজনকে ঘিরে খুলনায় একদিকে যেমন তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা, অন্যদিকে ক্রীড়াঙ্গনের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যাশাও সামনে এসেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘নতুন কুঁড়ি’স্পোর্টস (সিজন-২) উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

প্রেসব্রিফিংয়ে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেন, নতুন কুঁড়ির মাধ্যমে আগামীতে তরুণদের খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নেওয়ার সুযোগ তৈরি হবে। তরুণদের সঠিকভাবে পরিচালনা করতে পারলে তারাই বাংলাদেশকে বিশ্বদরবারে তুলে ধরতে পারবে। একসময় খুলনা ‘স্পোর্টস সিটি’ হিসেবে পরিচিত ছিল। সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর প্রসঙ্গে তিনি বলেন, নতুন কুঁড়ির উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রথম খুলনা সফর ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। তাঁর সফরের মাধ্যমে সারাদেশের মতো খুলনাতেও উন্নয়নের নতুন ধারা শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইতোমধ্যে বন্ধ কলকারখানা চালুর মাধ্যমে শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, খুলনাঞ্চলে শিল্পায়ন, গ্যাস ও বিদ্যুৎ খাতের উন্নয়নেও উদ্যোগ নেয়া হয়েছে। মোংলা বন্দরের উন্নয়নের সঙ্গে খুলনার অর্থনৈতিক অগ্রগতি জড়িত। এ বন্দর উন্নয়নেও প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহফুজুল আলম খান জানান, ‘নতুন কুঁড়ি’স্পোর্টসের দ্বিতীয় আসরে অংশ নিতে প্রায় ১৬ লাখ ২৩ হাজার অনলাইন নিবন্ধন হয়েছে। অথচ প্রথম আসরে নিবন্ধন ছিল ১ লাখ ৬৮ হাজার। এবারের আয়োজনে থাকছে ১০টি ইভেন্ট।

তৃণমূল পর্যায়ে খেলাধুলার পরিবেশ তৈরির পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, স্কুল-কলেজের মাঠের পাশাপাশি দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। চলতি বছরেই এক হাজার ইউনিয়নে এ উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা চলছে। খুলনা বিভাগীয় স্টেডিয়ামের উন্নয়নকাজ চলতি অর্থবছরে শুরু করার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি খুলনা জেলা স্টেডিয়ামের অবশিষ্ট অংশে গ্যালারি নির্মাণের উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।

প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, জেলা প্রশাসক হুরে জান্নাত, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার ও সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহফুজুল আলম খান, বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, জেলা প্রশাসক হুরে জান্নাত, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট প্রাঙ্গণে এসে শেষ হয়।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers