রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩ , ৪ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

‘জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা’

নিউজজি ডেস্ক ৪ নভেম্বর, ২০২৬, ১৩:৩৩:৫৩

327
  • ‘জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা’

ঢাকা: শ্রমিকদের মজুরি নির্ধারণে দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণ করবে মজুরি বোর্ড। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে পোশাক শিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা শেষে তিনি এসব কথা বলেন।

মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে জানুয়ারির বেতনের সঙ্গে বাড়তি বেতন পাবেন পোশাক শ্রমিকরা। নতুন বেতন কাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর করতে সবপক্ষ একমত হয়েছে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

এর আগে সকাল ১১টায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান।

সভায় তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। ডিসেম্বরের মধ্যে মজুরি চূড়ান্ত করে জানুয়ারি থেকে কার্যকরের বিষয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধিরা ঐকমত্যে পৌঁছান।

প্রসঙ্গত, গত ১ নভেম্বর তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ৬ সদস্যের ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করে সরকার। সেদিন সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন মজুরি বোর্ডের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

প্রথমে মজুরি বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র জেলা ও দায়রা জজ) করা হয়েছিল শেখ আশফাকুর রহমান। আজ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়। একই আদেশে নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান করা হয়েছে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে। তবে আশফাকুর রহমানকে সরানোর কোনও কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

বোর্ডের বাকি সদস্যরা হলেন, মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।

অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডাব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার। এ ছাড়া বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ। এই বোর্ড সব পদে শ্রমিকদের ন্যূনতম মজুরির সুপারিশ করবে। বোর্ডের সুপারিশের ভিত্তিতে নতুন মজুরি কাঠামো ঘোষণা ও গেজেট হিসেবে প্রকাশ করবে সরকার।

নিউজজি/ এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers