রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩ , ৪ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

‘৮ জেলায় ৫ হাজার ৩৫৪ পূজামণ্ডপের নিরাপত্তায় ৩ স্তরের ব্যবস্থা’

খুলনা প্রতিনিধি ১৭ অক্টোবর, ২০২৬, ১৪:১৭:০৬

114
  • ছবি : নিউজজি

খুলনা: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬) এর দায়িত্বপূর্ণ ৮টি জেলায় মোট ৫ হাজার ৩৫৪টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ৩ স্তরের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে খুলনা জেলা ও মহানগরীর ৩৯৪টি পূজামণ্ডপকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। নিয়মিত টহল, গুরুত্বপূর্ণ প্রবেশপথে অস্থায়ী চেকপোস্ট, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও চালানো হচ্ছে সাইবার মনিটরিং। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে মাঠপর্যায়ের নিরাপত্তার পাশাপাশি অনলাইনেও সতর্ক অবস্থানে রয়েছে সংস্থাটি।

শনিবার (১৭ অক্টোবর) সকালে খুলনা নগরীর ধর্মসভা মন্দিরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ, বিজিবিএমএস।

এসআরবি ফোর্সেস সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী গত ১৩ অক্টোবর থেকে পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নিরাপত্তা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য প্রথমে জেলাভিত্তিক এবং পরে উপজেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছে। প্রতিটি উপজেলার জন্য নির্ধারণ করা হয়েছে ফোকাল পয়েন্ট কর্মকর্তা। তারা নিজ নিজ এলাকার টহল দল নিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করছেন এবং সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি করছেন।

নিরাপত্তা পরিকল্পনার প্রথম স্তরে রয়েছে পূজামণ্ডপে নিয়মিত টহল ও গুরুত্বপূর্ণ প্রবেশপথে তল্লাশি। শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। দ্বিতীয় স্তরে সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন ফিল্ড এজেন্ট ও গোয়েন্দা সদস্যরা। তাদের মাধ্যমে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ ও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তৃতীয় স্তরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে রিজার্ভ ফোর্স।

পূজার নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণেও। দুর্গাপূজাকে কেন্দ্র করে অনলাইনে গুজব, উসকানিমূলক প্রচারণা কিংবা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে লক্ষ্যে এসআরবি সদর দপ্তরে কেন্দ্রীয়ভাবে সাইবার মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি আঞ্চলিক পর্যায়েও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণে রেখেছে এসআরবি-৬। অনলাইন প্ল্যাটফর্মে সম্ভাব্য ঝুঁকির ইঙ্গিত পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার লক্ষ্য রয়েছে সংস্থাটির।

প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজক কমিটি, সাধারণ জনগণ, গণমাধ্যম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে পূজার কার্যক্রম সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসবের সূচনা হয়েছে। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে পূজার আনুষ্ঠানিকতা। ধর্মীয় এ উৎসব শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে এসআরবি-৬।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers