রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

রংপুরে মাজারের খাদেমকে হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল

নিউজজি ডেস্ক ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:২৯:৪৪

88
  • সংগৃহীত

ঢাকা: রংপুরের কাউনিয়ায় সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির ৭ সদস্যের ২ জনের মৃত্যুদণ্ড বহাল ও ৫ জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

মামলায় মৃত্যুদণ্ড বহাল দুই আসামি হলেন- মাসুদ রানা ও লিটন মিয়া। হাইকোর্টে খালাস পাওয়া ৫ আসামি হলেন- জেএমবি সদস্য সদস্য ইছাহাক আলী, সাখাওয়াত হোসেন ওরফে রাহুল, সরওয়ার হোসেন সাবু ওরফে মিজান, উত্তরাঞ্চলের কমান্ডার বিজয় ওরফে আলী ওরফে দরজি ও চান্দু মিয়া।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও ব্যারিস্টার আনোয়ার হোসেন।

এর আগে, ২০১৮ সালে রংপুরে মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় ৭ আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। একই সাথে ৬ জনকে বেকসুর খালাস দেয়া হয়। রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার এ রায় দেন।

এ সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭ আসামি ছিলেন- মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী, ইছাহাক আলী, লিটন মিয়া ওরফে রফিক, সাখাওয়াত হোসেন ওরফে রাহুল, সরওয়ার হোসেন সাবু ওরফে মিজান, বিজয় ওরফে আলী ওরফে দরজি এবং চান্দু মিয়া।

উল্লেখ্য, ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে মাজার শরিফের খাদেম রহমত আলীকে গলা কেটে হত্যা করেন জেএমবি সদস্যরা। এ ঘটনায় নিহতের ছেলে অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাদী হয়ে কাউনিয়া থানায় একটি মামলা করেন। পরে ২০১৮ সালের ১৮ মার্চ রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার ৭ আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers