বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

জন্ম-মৃত্যু নিবন্ধন আরও জনবান্ধব করতে বরিশালে বিভাগীয় সেমিনার

বরিশাল প্রতিনিধি ২ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৩০:১৩

100
  • ছবি : নিউজজি

বরিশাল: জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও দ্রুত, নির্ভুল এবং সর্বসাধারণের জন্য জনবান্ধব করার লক্ষ্যে বরিশালে সিআরভিএস (Civil Registration and Vital Statistics) বাস্তবায়ন সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে এই সেমিনারের আয়োজন করে বরিশাল বিভাগীয় প্রশাসন।

সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব ফারাহ শাম্মী বলেন, একটি কার্যকর ও নির্ভুল সিআরভিএস ব্যবস্থা আধুনিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। সঠিক জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য বিশ্লেষণের মাধ্যমেই দেশের জনসংখ্যার পরিবর্তন, প্রবণতা এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করা সম্ভব। এসব তথ্য জাতীয় উন্নয়ন পরিকল্পনা, সঠিক স্বাস্থ্যনীতি নির্ধারণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণে প্রত্যক্ষ ভূমিকা রাখে।

তিনি আরও জোর দিয়ে বলেন, সঠিক সময়ে সঠিক তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা গেলে দেশের প্রতিটি নাগরিকের চাহিদা অনুযায়ী একটি জনবান্ধব রাষ্ট্রীয় পরিকল্পনা গ্রহণ করা সহজ হবে। এ ক্ষেত্রে কোনো নাগরিক যেন এই মৌলিক অধিকার ও সেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি। একই সাথে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট দপ্তর এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আন্তঃদাপ্তরিক সমন্বয় বৃদ্ধি ও ব্যাপক জনসচেতনতা তৈরির আহ্বান জানান প্রধান অতিথি।

বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান, যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক মুর্শিদা শারমিন, বরিশাল স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. আহসান হাবিব এবং ভাইটাল স্ট্র্যাটেজিসের কান্ট্রি কো-অর্ডিনেটর মো. নজরুল ইসলাম ও মো. মঈন উদ্দিন।

এ সময় বরিশালের বিভাগীয় বিভিন্ন দপ্তরের প্রধানগণ সরাসরি উপস্থিত ছিলেন এবং বরিশাল বিভাগের ৬টি জেলার জেলা প্রশাসকগণ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি এই সেমিনারে যুক্ত হন। সেমিনারে মাঠপর্যায়ে জন্ম-মৃত্যু নিবন্ধনের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers