বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জুয়েল গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি ২ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:১৬:৩৬

88
  • ছবি : নিউজজি

বরিশাল: বানারীপাড়ার বহুল আলোচিত ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আ. মান্নান জুয়েল দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ পর্যন্ত রেহাই পেলেন না। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) যৌথ অভিযানে অবশেষে ধরা পড়েছেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৮ ও র‌্যাব-৭ এর যৌথ আভিযানিক দল। গ্রেপ্তারকৃত আ. মান্নান জুয়েল বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের আ. হক মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, ২০১২ সালে বরিশাল জেলার বানারীপাড়া থানায় আ. মান্নান জুয়েলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয় (মামলা নম্বর-৬২০/১২, জিআর নম্বর-৮৯/১২)। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। তবে রায় ঘোষণার পর থেকেই জুয়েল আত্মগোপনে চলে যান। দীর্ঘ সময় ধরে পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বানারীপাড়া থানা পুলিশ সাজাপ্রাপ্ত এই আসামিকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-৮ এর অধিনায়ক বরাবর একটি আনুষ্ঠানিকভাবে অধিযাচনপত্র প্রেরণ করে। এর পর থেকেই র‌্যাব আসামির অবস্থান শনাক্ত করতে নিবিড় গোয়েন্দা নজরদারি এবং আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার শুরু করে।

একপর্যায়ে র‌্যাব-৮, সদর কোম্পানি (বরিশাল) এবং র‌্যাব-৭, সিপিএসি (চট্টগ্রাম) এর যৌথ টিম গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয় যে, আসামি চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় ছদ্মবেশে অবস্থান করছেন। সেই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পাহাড়তলী থেকে মান্নান জুয়েলকে গ্রেপ্বতার করা হয়।

র‌্যাব-৮, বরিশালের মিডিয়া অফিসার লে. কমান্ডার বিএন মো. শাহরিয়ার রিফাত অভি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জঘন্যতম অপরাধের সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই তৎপর। আধুনিক তথ্যপ্রযুক্তি ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ বছর ধরে আত্মগোপনে থাকা আসামি জুয়েলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে। বানারীপাড়া থানায় পৌঁছানোর পর তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers