রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

‘সিলেট-ঢাকা সড়কে গতি নিয়ন্ত্রণে প্রশাসন কঠোর হচ্ছে’

নিউজজি ডেস্ক ৮ আগস্ট, ২০২৬, ১৫:৪১:৩৪

97
  • সংগৃহীত

ঢাকা: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, সিলেট-ঢাকা মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ইতিমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সিলেটের ওসমানীনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

এর আগে, শুক্রবার (৭ আগস্ট) সকালে সিলেটের ওসমানীনগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় দ্রুত গতির দুই বাসের সংঘর্ষে ৯ জন নিহত হয়। এ ঘটনায় অনেকে আহত হয়েছে।

শ্রমমন্ত্রী জানান, সকালের দিকে রাস্তা ফাঁকা থাকার সুযোগে চালকদের মধ্যে যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হয়, তা নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নেয়া হচ্ছে। ফ্লাইওভারে যেভাবে গতি নিয়ন্ত্রণ করা হয়, একইভাবে মহাসড়কেও গতি নিয়ন্ত্রণের বিষয়টি হাইওয়ে পুলিশ ও প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, ওসমানী ও তাজপুর সড়কে সাম্প্রতিক দিনগুলোতে একাধিক দুর্ঘটনা ঘটেছে, যা নিবৃত্ত করতে প্রশাসন ব্যবস্থা নেবে। বেপরোয়া গাড়ি চালানো রোধে চালকদের আইনের আওতায় আনার আহ্বানও জানান তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, এত স্পিড নিয়ে মানুষ চলাফেরা করছে, মানুষের জানমালের নিরাপত্তার জন্য মনে হয় আরও কঠোর হওয়া উচিত।

হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেন। তিনি বলেন, যারা মারা গেছে, তাদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা এবং যারা পঙ্গু হয়েছে তাদের ৩ লাখ টাকা সরকারের পক্ষ থেকে দেয়া হবে। আর যারা এখানে চিকিৎসাধীন আছে, তাদের সুস্থতার জন্য এক লাখ টাকা করে দেয়া হবে।

এ সময় সড়ক পরিবহন ও সেতু কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে সহায়তার আবেদন ফরম হাসপাতালের পরিচালকের কাছে হস্তান্তর করা হয়।

মন্ত্রী জানান, চিকিৎসাধীন ব্যক্তিদের বিষয়টি জেলা প্রশাসন দেখভাল করবে, আর মারা যাওয়া পরিবারের জন্য ফরম পূরণে প্রশাসনের মাধ্যমে সহায়তা করা হবে।

সিলেট-শেরপুর সড়কাংশে ঘন ঘন দুর্ঘটনার প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, ফোরলেন প্রকল্পের জমি অধিগ্রহণের কাজ প্রায় শেষের পথে। বৃষ্টিসহ নানা কারণে কাজে কিছুটা বিলম্ব হলেও সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে প্রকল্পের কাজ দৃশ্যমান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের আগে থেকেই ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন নিয়ে আগ্রহী ছিলেন এবং এলাকার সংসদ সদস্য-মন্ত্রীরাও এ বিষয়ে সংশ্লিষ্ট। মাটি ভরাটের কাজ সময়সাপেক্ষ হলেও বিদ্যমান সড়ক দ্রুততম সময়ের মধ্যে সংস্কারের কাজ শুরুর তাগিদ দেন তিনি।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers