রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

সাভারের ৩ ইউনিয়নকে কেরানীগঞ্জে অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন

সাভার প্রতিনিধি ৮ আগস্ট, ২০২৬, ১২:২৬:৪৪

284
  • ছবি : নিউজজি

সাভার: সাভারের ৩টি ইউনিয়নকে উপজেলা থেকে বিচ্ছিন্ন করে কেরানীগঞ্জের সাথে সংযুক্তির প্রস্তাবের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

‘সাভার আছি—সাভারে থাকব’ এই স্লোগান সামনে রেখে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নকে কেরানীগঞ্জ থানা ও উপজেলার অন্তর্ভুক্ত না করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের পর উপজেলর তেঁতুলঝোড়া, ভাকুর্তা ও আমিনবাজার ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয় তারা। এ সময় তেঁতুলঝোড়া ইউনিয়নবাসীর এ কর্মসূচিকে কেন্দ্র করে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে একটি ফরমে স্বাক্ষর নেয়া হয়েছে। সেই স্বাক্ষর ব্যবহার করে সাভারের তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নকে কেরানীগঞ্জ উপজেলার সাথে সংযুক্ত করার ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন তারা।

বক্তারা বলেন, ৩টি ইউনিয়নকে সাভার উপজেলা থেকে বিচ্ছিন্ন করার যে কোনো উদ্যোগ প্রতিহত করা হবে। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করারও হুঁশিয়ারি দেন তারা।

আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তেঁতুলঝোড়া ইউনিয়নের সাথে সাভারের মানুষের দীর্ঘদিনের সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক ও প্রশাসনিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সাভার উপজেলা ও সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে বিভিন্ন নাগরিক সেবা গ্রহণ করে আসছেন। ফলে তেঁতুলঝোড়া ইউনিয়নকে কেরানীগঞ্জের সাথে যুক্ত করা হলে সাধারণ মানুষকে প্রশাসনিক ও নাগরিক সেবা নিতে অতিরিক্ত ভোগান্তিতে পড়তে হবে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সাভার শুধু তাদের প্রশাসনিক পরিচয় নয়, জন্ম, বেড়ে ওঠা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক যোগাযোগসহ নানা কারণে সাভারের সাথে তাদের গভীর সম্পর্ক রয়েছে। তাই প্রশাসনিক পুনর্বিন্যাসের ক্ষেত্রে স্থানীয় মানুষের মতামত ও দীর্ঘদিনের বাস্তব সম্পর্ককে গুরুত্ব দেয়ার দাবি জানিয়েছেন তারা।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে আহ্বান জানিয়ে আরও বলা হয়েছে, ‘মা ও মাটির টানে’ তেঁতুলঝোড়া ইউনিয়নের সর্বস্তরের মানুষকে কর্মসূচিতে অংশ নিতে হবে। প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া উচিত।

স্থানীয় জনতা এ সময় পক্ষ স্লোগান দেয়, ‘কথা আমাদের একটাই, আমরা সাভারেই থাকতে চাই।’ পাশাপাশি ‘সাভার আছি—সাভার থাকব’ স্লোগানে নিজেদের অবস্থান পরিষ্কার করেন। এসময় কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। তাদের দাবি, নাগরিক সেবার স্বার্থে তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়ন সাভার উপজেলার সঙ্গেই রাখতে হবে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয় ১০টি ইউনিয়ন নিয়ে কেরানীগঞ্জ মডেল উপজেলা গঠনের প্রস্তাবের বিষয়ে মতামত চেয়েছে। প্রস্তাবিত ১০টি ইউনিয়নের মধ্যে কেরানীগঞ্জের ৭টি এবং সাভারের তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়ন রয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে এবং তার একটি কপি উপজেলা প্রশাসনও পেয়েছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি; স্থানীয় সরকার মন্ত্রণালয় কেবল মতামত চেয়েছে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম জানান, এলাকাবাসীরা মহাসড়কে অবস্থান নিলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তাদের সাথে কথা বলা হলে স্থানীয়রা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers