শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

দেশ

সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে

নিউজিজ ডেস্ক ৬ আগস্ট, ২০২৬, ১৪:৩৯:৩৮

57
  • সংগৃহীত

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সমাবেশে যোগদানে বাধা দিতে তার গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা ও পেপার স্প্রেসহ হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে ৭ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ অগাস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এর আগে, বুধবার বিকেলে তাকে ১০ দিনের রিমান্ডে পাঠানোর আবেদন করেন গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন। তবে রিমান্ড শুনানি না হওয়ায় তাকে কারাগারে পাঠিয়ে আজকের জন্য দিন ধার্য করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন।

এদিন দুপুর দেড়টার দিকে পুলিশি পাহারায় তাকে আদালতে তোলা হয়। পরে তার আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করে শুনানি করেন।

অপর দিকে রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত থেকে এ রিমান্ডের আদেশ আসে।

গত ৪ আগস্ট রাত দেড়টার দিকে ভাটারা থানা এলাকার বাসা থেকে জগলুল পাশাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রিমান্ড আবেদনে বলা হয়, মামলার এজাহারভুক্ত ১৭নং আসামি জগলুল পাশাকে জিজ্ঞাসাবাদ করা হলে মামলার প্রকৃত রহস্য উদঘাটন ও অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে সহায়ক হবে। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের পুলিশ রিমান্ড একান্ত প্রয়োজন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর জগলুল পাশাসহ মামলার এজাহারভুক্ত ১১১ আসামিসহ অজ্ঞাতনামা ২৫০/৩০০ জন অস্ত্র-শস্ত্রসহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে সকাল থেকে অবস্থান করে। দিনভর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মারধর করে। আসামিরা রাস্তার ওপর অন্তর্ঘাতমূলক কার্যক্রম করে রাস্তা বন্ধ করে। জনসাধারণের চলাচলে এবং খালেদা জিয়া যেন সমাবেশে যোগ দিতে না পারেন সেজন্য রাস্তার উপর ত্রাস সৃষ্টি করে।

গণতন্ত্রের অধিকারকে হরণ করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কর্মসূচি অনুযায়ী ২০১৩ সালের ২৯ ডিসেম্বর সকাল ৯টার সময় খালেদা জিয়া তার সফরসঙ্গীদের নিয়ে সমাবেশে যাওয়ার প্রস্তুতি নিলে আসামিরা রাস্তায় বাধা দেয় এবং রাস্তার আশপাশে বালুর ট্রাকসহ বিভিন্ন ট্রাক দিয়ে রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়।

খালেদা জিয়া বার বার চেষ্টা করা সত্ত্বেও আসামিরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং হত্যার উদ্দেশে নিষিদ্ধ পেপার স্প্রে ব্যবহার করে। এতে খালেদা জিয়াসহ তার সাথে থাকা নেতাকর্মীরা আহত হন। এ ঘটনায় ২০২৪ সালের অক্টোবর মাসে গুলশান থানায় মামলাটি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম শাওন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers